ট্রাম্পের শান্তি চুক্তি ‘আমেরিকার পরাজয়ের ঘোষণা’: ইরান
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ বন্ধের লক্ষ্যে সম্পাদিত চুক্তিটি মূলত 'আমেরিকার পরাজয়ের ঘোষণা' বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ।
বুধবার (২৪ জুন) আজারবাইজানে আয়োজিত এক সম্মেলনে ইরানের পার্লামেন্টের এই নেতা এমন মন্তব্য করেন।
সম্মেলনে দেওয়া বক্তব্যে গালিবাফ বলেন, যুদ্ধ বন্ধ এবং আলোচনা শুরুর এই প্রাথমিক সমঝোতা কোনো "চাপ বা জবরদস্তির ফল নয়, বরং এটি সাহসী ইরানি জাতির প্রতিরোধ ও কর্তৃত্বের বহিঃপ্রকাশ।"
তিনি আরও বলেন, "সে কারণেই ইসলামাবাদ সমঝোতা স্মারকটি আমেরিকার পরাজয়ের ঘোষণায় পরিণত হয়েছে।" এ সময় তিনি উল্লেখ করেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোরই উচিত এই অঞ্চলের নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করা।
গত সপ্তাহে উভয় পক্ষ ১৪ দফার একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে, যেখানে যুদ্ধ অবসানের বিষয়ে নীতিগতভাবে একমত হওয়া গেছে। এই অন্তর্বর্তীকালীন চুক্তিটি পরবর্তী ৬০ দিনের বিস্তারিত আলোচনার পথ প্রশস্ত করেছে, যার মূল লক্ষ্য হলো ইরানের পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত জটিল বিষয়গুলোর সমাধান খুঁজে বের করা।
তবে এই আলোচনা ঘিরে দুই পক্ষের মধ্যে এখনও বড় ধরনের অসংগতি ও মতভেদ রয়ে গেছে। বুধবার জাতিসংঘের পারমাণবিক তদারকি সংস্থা আইএইএ জানিয়েছে, তারা ইরানের পারমাণবিক স্থাপনাগুলো আবার পরিদর্শন শুরু করবে। যদিও ইরান দাবি করেছে, তারা এমন কোনো প্রতিশ্রুতি দেয়নি।
উল্লেখ্য, গত সোমবার সুইজারল্যান্ডে প্রথম দফার আলোচনা শেষ হওয়ার পর থেকে ইরানের জন্য আর্থিক প্রণোদনা, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ এবং লেবানন যুদ্ধ নিয়ে ওয়াশিংটন ও তেহরান একে অপরের বিপরীতমুখী ও পরস্পরবিরোধী দাবি করে আসছে। এর মধ্যেই ইরানের শীর্ষ আলোচকের এই কড়া মন্তব্য চুক্তিটির ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
