জনসমুদ্রে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তামিলাগা ভেট্রি কালাগাম (টিভিকে) দলের সভাপতি থালাপতি বিজয়। আজ চেন্নাইয়ের নেহেরু স্টেডিমায়ে এই শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। এ সময় বিজয়ের সমর্থকদের উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয় শপথ অনুষ্ঠান।
কংগ্রেস নেতা রাহুল গান্ধী, বিজয়ের পরিবারের সদস্য এবং চলচ্চিত্র জগতের অনেকেই এই শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিজয় গত কয়েকদিনে গভর্নরের সঙ্গে দফায় দফায় দেখা করলেও প্রয়োজনীয় সমর্থন না থাকার অভিযোগে তাকে শপথ পড়াননি গভর্নর। শনিবার বিজয় ফের গভর্নর রাজেন্দ্র আরলেকারের সঙ্গে দেখা করেন এবং সরকার গঠনে প্রয়োজনীয় সংখ্যক বিধায়কের সমর্থন রয়েছে বলে জানান।
বিজয় গভর্নরকে জানান, তার প্রতি কংগ্রেসের পাঁচজন এবং ভিসিকে, সিপিআই, সিপিআই(এম) ও আইইউএমএল-এর দুজন করে বিধায়কের সমর্থন রয়েছে।
গত মাসের বিধানসভা নির্বাচনে ২৩৪টি আসনের মধ্যে ১০৮টিতে জয়লাভ করে টিভিকে। যেহেতু বিজয় দুটি আসন থেকে নির্বাচিত হয়েছেন এবং নিয়ম অনুযায়ী তাকে একটি আসন ছেড়ে দিতে হবে, তাই তার নেতৃত্বাধীন জোটের মোট বিধায়কের সংখ্যা এখন ১২০-এ দাঁড়িয়েছে।
বিজয়ের এই সরকার গঠনের মধ্য দিয়ে তামিলনাড়ুতে প্রায় ৬০ বছর পর ডিএমকে বা এআইএডিএমকে-এর বাইরে অন্য কোনো দলের সরকার প্রতিষ্ঠিত হলো।
