ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ৩ পর্বতারোহীর মৃত্যু, নিখোঁজ বেশ কয়েকজন
ইন্দোনেশিয়ায় একটি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে অন্তত তিন পর্বতারোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজদের উদ্ধারে অভিযান শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ। শুক্রবার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানানো হয়েছে।
ইন্দোনেশিয়ার ভলক্যানোলজিক্যাল সার্ভে জানিয়েছে, শুক্রবার সকাল ৭টা ৪০ মিনিটের দিকে মাউন্ট দুকোনো থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়। এ সময় বিকট শব্দের পাশাপাশি আগ্নেয়গিরির শৃঙ্গ থেকে প্রায় ৬ মাইল (৯.৬ কিলোমিটার) উচ্চতা পর্যন্ত ঘন ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে। শুক্রবার দুপুরের পর থেকে আগ্নেয়গিরির সক্রিয়তা আরও বৃদ্ধি পেয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
স্থানীয় পুলিশ প্রধান এরলিকসন পাসারিবু ইন্দোনেশিয়ার সংবাদমাধ্যম কম্পাস টিভিকে জানান, অগ্ন্যুৎপাতের সময় পাহাড়টিতে মোট ২০ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে তিনজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে এবং সাতজন নিরাপদে নিচে নেমে আসতে পেরেছেন।
দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, অগ্ন্যুৎপাতের কারণে অন্তত পাঁচজন আরোহী আহত হয়েছেন। উদ্ধারকারীরা এখনো পাহাড়ে তল্লাশি চালাচ্ছেন এবং বাকি আরোহীদের সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন।
মাউন্ট দুকোনো গত কয়েক দশক ধরেই সক্রিয়। ভলক্যানোলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী, গত এক মাসেই এই আগ্নেয়গিরিতে প্রায় ২০০ বার অগ্ন্যুৎপাত হয়েছে।
পুলিশ প্রধান পাসারিবু জানান, আগ্নেয়গিরিটি সক্রিয় থাকায় কর্তৃপক্ষ আগে থেকেই সতর্কতা জারি করে পাহাড় আরোহণে নিষেধাজ্ঞা দিয়েছিল। তবে নিহত আরোহীরা সেই নিষেধাজ্ঞা অমান্য করেই সেখানে গিয়েছিলেন।
