শান্তি আলোচনায় অংশ নিতে পাকিস্তানে জেডি ভ্যান্স, বিশেষ দূত উইটকফ, ট্রাম্পের জামাতা কুশনার
ইরানের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছেন উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তাদের একটি দল। পাকিস্তানের দুটি সরকারি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।
ভিডিও ফুটেজে দেখা গেছে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে বহনকারী বিমান 'এয়ার ফোর্স টু' ইসলামাবাদে অবতরণ করছে। রয়টার্সকে একটি পাকিস্তানি সূত্র জানিয়েছে, মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারও সেখানে পৌঁছেছেন।
পাকিস্তানের মধ্যস্থতায় দু-সপ্তাহের যুদ্ধবিরতির পর ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে ইসলামাবাদে শান্তি আলোচনা অনুষ্ঠিত হবে।
ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে ভ্যান্স সাংবাদিকদের বলেছিলেন, 'ইরান যদি আন্তরিকভাবে আলোচনায় বসতে চায়, তাহলে আমরাও অবশ্যই ইতিবাচকভাবে হাত বাড়াতে প্রস্তুত।'
তবে তিনি সতর্ক করেও বলেছিলেন, 'তারা যদি আমাদের সঙ্গে কৌশল করে, তাহলে দেখবে—আমাদের আলোচক দল তাতে মোটেও ইতিবাচক সাড়া দেবে না।'
তিনি আরও জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচক দলকে 'খুবই স্পষ্ট দিকনির্দেশনা' দিয়েছেন।
যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলে থাকা জ্যারেড কুশনার এবং স্টিভ উইটকফ যুক্তরাষ্ট্রের পক্ষে ইসরায়েল-গাজা যুদ্ধের অবসান এবং রাশিয়া-ইউক্রেন সংঘাত বন্ধে চলমান আলোচনা ও যুদ্ধবিরতি প্রচেষ্টায় সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।
এর আগে, আলোচনার জন্য ইরানের পার্লামেন্টের স্পিকার মুহাম্মদ বাকের গালিবাফের নেতৃত্বে শনিবার ভোরে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল ইসলামাবাদে পৌঁছায়।
পাক পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিও ওই প্রতিনিধিদলে রয়েছেন। ইসলামাবাদের বৈঠকে তার অংশ নেওয়ার কথা আছে।
