এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার আজ (২৭ মার্চ) ২৮তম দিন। হামলার প্রথম দিন গত ২৮ ফেব্রুয়ারিতেই দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ অন্তত ৪০ জন শীর্ষ নেতা নিহত হন। এর জবাবে প্রতিশোধমূলক হামলা শুরু করেছে ইরান। দেশটি ইরাক, কুয়েত, বাহরাইন ও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলের যেসব দেশে মার্কিন ঘাঁটি রয়েছে, সেগুলো লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে ইসরায়েলের বিভিন্ন শহরেও হামলা হচ্ছে। এতে সংঘাত ধীরে ধীরে পুরো মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়ছে।
এফবিআই পরিচালকের ব্যক্তিগত ইমেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর (এফবিআই) বর্তমান পরিচালক কাশ প্যাটেলের ব্যক্তিগত ই-মেইল অ্যাকাউন্ট হ্যাকের দাবি করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকারেরা। তারা ক্যাশ প্যাটেলের ছবি ও তার জীবনবৃত্তান্ত অনলাইনে প্রকাশ করেছে।
হ্যাকার গ্রুপ হান্দালা হ্যাক টিম তাদের ওয়েবসাইটে বলেছে, প্যাটেল 'এখন সফলভাবে হ্যাক হওয়া ভুক্তভোগীদের তালিকায় নিজের নাম খুঁজে পাবেন।'
বিচার বিভাগের এক কর্মকর্তা প্যাটেলের ই-মেইল অ্যাকাউন্ট হ্যাক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, অনলাইনে প্রকাশিত তথ্যগুলো সঠিক বলে মনে হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলেও এফবিআই তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি।
লক্ষ্যবস্তু শনাক্ত করতে ইরানকে সহায়তা করছে রাশিয়া, অভিযোগ জার্মানির
জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল অভিযোগ করেছেন, সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তু শনাক্ত করতে ইরানকে সহায়তা করছে রাশিয়া। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন আগ্রাসন থেকে মনোযোগ সরানোর জন্য যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধকে ব্যবহার করতে চাইছেন।
ফ্রান্সে অনুষ্ঠিত জি৭ বৈঠকে সাংবাদিকদের সাথে কথা বলার সময় জোহান আরও বলেন, তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে কথা বলে জার্মানির অবস্থান স্পষ্ট করেছেন। জার্মানির অবস্থান হলো- যুদ্ধ শেষ হওয়ার পর হরমুজ প্রণালিতে ভূমিকা রাখতে জার্মানি ইচ্ছুক।
ওয়াডেফুল বলেন, 'পুতিন ধূর্ততার সাথে আশা করছেন যে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি ইউক্রেনে তার অপরাধ থেকে আমাদের মনোযোগ সরিয়ে দেবে। এই চক্রান্ত সফল হতে দেওয়া যাবে না। আমরা খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছি, এই দুটি সংঘাত কতটা ঘনিষ্ঠভাবে জড়িত। রাশিয়া যে সম্ভাব্য লক্ষ্যবস্তু সম্পর্কে তথ্য দিয়ে ইরানকে সমর্থন করছে, তা স্পষ্ট।'
যুক্তরাষ্ট্রের সঙ্গে 'গুরুত্বপূর্ণ আলোচনায়' বসতে ইরানকে আহ্বান জার্মান পররাষ্ট্রমন্ত্রীর
জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াদেফুল বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করতে ইরানের জন্য 'গুরুত্বপূর্ণ আলোচনায়' বসা 'একটি ভালো পরামর্শ' হবে।
ফ্রান্সে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ জি৭ নেতাদের সঙ্গে বৈঠকের পর তিনি এ কথা বলেন।
ওয়াদেফুল বলেন, 'এ ধরনের আলোচনা হওয়া উচিত- প্রাথমিক ইঙ্গিত রয়েছে।' তবে তিনি এ বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য দেননি।
ইরানে মানবিক সহায়তা পাঠালো রাশিয়ার দাগেস্তান
রাশিয়ার দাগেস্তান প্রজাতন্ত্র থেকে ১৫০ টন খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী নিয়ে একটি জাহাজ ইরানে পৌঁছেছে বলে জানিয়েছেন প্রজাতন্ত্রটির গভর্নর সের্গেই মেলিকভ।
তিনি বলেন, "এই চালান ইসলামী প্রজাতন্ত্র ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির কাছে হস্তান্তর করা হবে। তারা এটি দরিদ্র ও অভাবীদের কাছে পৌঁছে দেবে।"
সহায়তা কার্যক্রমটি দাগেস্তানের পরিবহন মন্ত্রণালয়, দাগেস্তানের রাজধানী মাখাচকালায় অবস্থিত রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয় এবং পিওর হার্ট চ্যারিটি ফাউন্ডেশনের সমন্বিত উদ্যোগ।
রাশিয়ার ইমার্জেন্সি সিচুয়েশনস মিনিস্ট্রি সম্প্রচারমাধ্যম আরটিভিআই-কে জানিয়েছে, এর আগে ৩০০ টনেরও বেশি ওষুধ আজারবাইজানের আস্তারা সীমান্ত ক্রসিংয়ে পৌঁছে দেওয়া হয়েছিল এবং পরে তা ইরানি কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।
ইরানে আবাসিক এলাকায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ১৮, আহত ১০
ইরানের কোম শহরে একটি আবাসিক এলাকায় মার্কিন-ইসরায়েলি হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।
শহরটির গভর্নরের নিরাপত্তা উপদেষ্টা জানিয়েছেন, কোম শহরের পারদিসান মহল্লায় হামলা করেছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল। এতে অন্তত ১৮ জন নিহত এবং ১০ জন আহত হয়েছেন।
এর আগে এক প্রতিবেদন ছয়জন নিহতের কথা জানানো হয়েছিল।
২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত অন্তত ২৬১
ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলা শুরু হওয়ার পর থেকে ইসরায়েলে ৫ হাজার ৪৯২ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ১১৬ জন এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এছাড়াও, গত ২৪ ঘণ্টায় ইরান ও হিজবুল্লাহর হামলায় অন্তত ২৬১ জন আহত হয়েছেন। তারা বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।
পূর্ব আজারবাইজান প্রদেশে দুই শিশুসহ একই পরিবারের ৪ সদস্য নিহত
ইরানের সংবাদমাধ্যম মেহের এক প্রতিবেদনে জানিয়েছে, পূর্ব আজারবাইজান প্রদেশের ইয়ামচি শহরের একটি আবাসিক এলাকায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় চারজন নিহত হয়েছেন।
গণমাধ্যমটি জানিয়েছে, নিহতরা একই পরিবারের সদস্য। নিহতদের মধ্যে দুজন শিশু রয়েছে।
ইরানে দুই ইস্পাত কারখানায় মার্কিন-ইসরায়েলি হামলা, নিহত অন্তত ১
ইরানের গণমাধ্যম তাসনিমের খবরে বলা হয়েছে, আজ শুক্রবার বিকেলে মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানের দুটি প্রধান ইস্পাত কারখানায় হামলায় একজন নিহতের খবর পাওয়া গেছে।
এর আগে ফার্স-এর খবরে বলা হয়, কিছুক্ষণ আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি শত্রুরা দুটি পৃথক হামলায় দক্ষিণ-পশ্চিম ইরানের খুজেস্তান স্টিল এবং মধ্য ইরানের ইসফাহানের মোবারাকেহ স্টিল কারখানাকে লক্ষ্যবস্তু করেছে।
হামলার সর্বশেষ পরিস্থিতি নিয়ে তাসনিমের খবরে বলা হয়, ইসফাহানের মোবারাকেহ কারখানায় হামলায় একজন নিহত হয়েছেন। তার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
যুক্তরাষ্ট্র-ইসরায়েল হামলা বাড়ালে যুদ্ধে জড়ানোর হুঁশিয়ারি ইয়েমেনের হুথিদের
মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়লে ইরানের সমর্থনে সরাসরি যুদ্ধে যোগ দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের ইরান-পন্থী হুথি বিদ্রোহীরা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি তাদের হামলার মাত্রা বাড়ায়, তবে হুথিরাও এই লড়াইয়ে অংশ নেবে বলে সিএনএন-কে জানিয়েছেন গোষ্ঠীটির একজন দ্বায়িত্বশীল কর্মকর্তা।
এর আগে লোহিত সাগর ও বাব আল-মান্দাব প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে বিশ্ব বাণিজ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল হুথিরা। বিশ্লেষকদের ধারণা ছিল তারা শুরুতেই এই যুদ্ধে জড়িয়ে পড়বে, তবে গোষ্ঠীটি এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ইরানের পক্ষে সরাসরি যুদ্ধে নামেনি।
হুথি সরকারের তথ্য মন্ত্রণালয়ের আন্ডারসেক্রেটারি মোহাম্মদ মনসুর সিএনএন-কে পাঠানো এক বার্তায় বলেন, 'আনসারুল্লাহর (হুথিদের সাংগঠনিক নাম) নেতৃত্বে ইয়েমেন ইরানকে সমর্থন দিতে প্রস্তুত। এটি আমাদের ধর্মীয়, নৈতিক ও মানবিক দায়িত্ব।'
তিনি আরও জানান যে, যুদ্ধে নামার সময়টি নির্ভর করছে তাদের সশস্ত্র বাহিনীর মূল্যায়ন এবং তেহরান ও মিত্রদের সঙ্গে আলোচনার ওপর।
মনসুর হুঁশিয়ারি দিয়ে বলেন, 'ওয়াশিংটন এবং তাদের মিত্ররা যদি ইরানের বিরুদ্ধে উত্তেজনা বাড়াতে চায়, তবে ইয়েমেন তাদের আগেই পাল্টা পদক্ষেপ নেবে।' তিনি আরও জানান, লোহিত সাগরের অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ 'বাব এল-মান্দেব' প্রণালি বন্ধ করে দেওয়া তাদের জন্য একটি কার্যকর বিকল্প। এর ফলে উদ্ভূত পরিস্থিতির দায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকেই নিতে হবে বলে তিনি মন্তব্য করেন।
ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত ১,৯০০ ছাড়াল, আহত ২০ হাজার
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর থেকে ইরানে এখন পর্যন্ত ১ হাজার ৯০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন। এই সংঘাতের ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ হাজার মানুষ।
'ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ' (আইএফআরসি)-এর মারিয়া মার্টিনেজ এই হতাহতের তথ্য জানিয়েছেন।
মার্টিনেজ বলেন, চলমান সংঘাত ক্রমশ বাড়তে থাকার এই কঠিন পরিস্থিতিতেও একমাত্র দেশব্যাপী মানবিক সংস্থা হিসেবে পুরো ইরান জুড়ে ত্রাণ ও চিকিৎসাসেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছে 'ইরানি রেড ক্রিসেন্ট'।
মার্কিন ঘাঁটি সংলগ্ন এলাকা থেকে বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার আহ্বান ইরানের
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর প্রায় এক মাস পর, মধ্যপ্রাচ্যজুড়ে সাধারণ মানুষকে মার্কিন ঘাঁটি সংলগ্ন এলাকা থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)।
শুক্রবার আইআরজিসি-র নিজস্ব ওয়েবসাইট 'সেপাহ নিউজ'-এ প্রকাশিত এক বিবৃতিতে এই সতর্কতা জারি করা হয়। বিবৃতিতে বলা হয়, 'কাপুরুষ মার্কিন-ইহুদিবাদী শক্তিগুলো বেসামরিক এলাকা এবং নিরপরাধ মানুষকে 'মানবঢাল' হিসেবে ব্যবহারের চেষ্টা করছে।'
বিবৃতিতে আরও বলা হয়েছে, 'আমরা আপনাদের পরামর্শ দিচ্ছি যে, আপনারা জরুরি ভিত্তিতে মার্কিন বাহিনীর অবস্থানস্থলগুলো ত্যাগ করুন, যাতে আপনাদের কোনো ক্ষতি না হয়।'
ইরানে জ্বালানি স্থাপনায় ট্রাম্পের হামলা পেছানোর ঘোষণায় বিশ্ববাজারে কমল তেলের দাম
ডোনাল্ড ট্রাম্পের ইরানের জ্বালানি স্থাপনাগুলোতে হামলার সময়সীমা পিছিয়ে দেওয়ার ঘোষণায় বিশ্ববাজারে তেলের দাম কিছুটা কমেছে।
শুক্রবার তেলের দামের এই নিম্নমুখী প্রবণতা আগের দিনের ব্যাপক মূল্যবৃদ্ধিকে কিছুটা কমিয়ে এনেছে। তবে এই সংঘাত ধারণার চেয়েও দীর্ঘস্থায়ী হতে পারে—এমন উদ্বেগের কারণে বাজার এখনও বেশ অস্থির।
শুক্রবার গ্রিনিচ মান সময় ০২:৩০টায় আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের (অপরিশোধিত তেল) দাম ১.৫ শতাংশ কমে প্রতি ব্যারেল ৯৩.০৭ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ১.৮ শতাংশ কমে হয়েছে ১০৬.১২ ডলার।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম প্রায় ৫০ শতাংশ এবং ডব্লিউটিআই তেলের দাম প্রায় ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ট্রাম্পের এই সাময়িক সিদ্ধান্ত বাজারে কিছুটা স্বস্তি আনলেও দীর্ঘমেয়াদী সংকটের আশঙ্কা কাটেনি।
মার্কিন বাহিনীকে আশ্রয় দেওয়া হোটেলগুলো 'বৈধ' লক্ষ্যবস্তু হতে পারে: ইরানের হুঁশিয়ারি
মধ্যপ্রাচ্যের হোটেল ও আবাসন ব্যবসার সাথে সংশ্লিষ্টদের এক কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। তেহরান জানিয়েছে, মার্কিন সামরিক কর্মকর্তাদের আবাসন হিসেবে ব্যবহৃত হোটেল এবং অন্যান্য বেসামরিক স্থাপনাগুলোকে 'বৈধ রক্ষণাত্মক লক্ষ্যবস্তু' হিসেবে বিবেচনা করা হতে পারে।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) ঘনিষ্ঠ ও আধা-সরকারি সংবাদ সংস্থা ফারস নিউজ 'অবহিত সূত্রের' বরাত দিয়ে জানিয়েছে, মার্কিন সেনারা কেবল বাহরাইন বা সংযুক্ত আরব আমিরাতেই নয়, বরং সিরিয়া, লেবানন এবং জিবুতির মতো দেশগুলোর বিভিন্ন বেসামরিক স্থাপনা ও হোটেলে অবস্থান করছেন।
ফারস নিউজ আরও জানায়, হোটেল মালিকদের প্রতি ইরানের এই সতর্কতা 'বিস্তৃত এবং চূড়ান্ত'। তাদের দাবি, ভৌগোলিক অবস্থান নির্বিশেষে যেকোনো স্থাপনায় যদি বিদেশি সামরিক কর্মকর্তাদের আশ্রয় দেওয়া হয়, তবে সেটিকে হামলার বৈধ লক্ষ্যবস্তু হিসেবে গণ্য করা হবে।
এর আগে গত বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এক পোস্টে দাবি করেন, 'যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই মার্কিন সৈন্যরা পারস্য উপসাগরীয় দেশগুলোর (জিসিসি) সামরিক ঘাঁটি ছেড়ে পালিয়ে হোটেল ও অফিসগুলোতে লুকিয়ে আছে।'
আরাগচি অভিযোগ করেন, মার্কিন বাহিনী ওই সব দেশের নাগরিকদের 'মানব ঢাল' হিসেবে ব্যবহার করছে। তিনি উপসাগরীয় দেশগুলোর হোটেল মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন যেন তারা মার্কিন সামরিক কর্মকর্তাদের কোনো বুকিং না দেয়।
তবে সিএনএন স্বাধীনভাবে ফারস নিউজ বা আরাগচির এই দাবির সত্যতা যাচাই করতে পারেনি। মার্কিন যুক্তরাষ্ট্র বা জিসিসি ভুক্ত দেশগুলোর কর্মকর্তাদের পক্ষ থেকেও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ইরানের জ্বালানি স্থাপনায় হামলা ১০ দিন স্থগিতের ঘোষণা ট্রাম্পের
আগামী ১০ দিনের জন্য ইরানের জ্বালানি উৎপাদন কেন্দ্রগুলোতে হামলা স্থগিত রাখার কথা ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের 'অনুরোধ মেনে' এ সিদ্ধান্ত নিয়েছেন বলে বৃহস্পতিবার দাবি করেছেন ট্রাম্প। তিনি আরও বলেন, দুই দেশের মধ্যে আলোচনা 'খুবই ইতিবাচক' দিকে এগোচ্ছে। তবে যুদ্ধ থামাতে আমেরিকার দেওয়া প্রস্তাবকে 'একতরফা ও অন্যায্য' বলে প্রত্যাখ্যান করে দিয়েছেন একজন ইরানি কর্মকর্তা।
হোয়াইট হাউসে মন্ত্রিসভার বৈঠকের পরেই নিজের সমাজমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ হামলা স্থগিতে সিদ্ধান্তের কথা জানান ট্রাম্প। অথচ এর কিছুক্ষণ আগেই ওই বৈঠকে তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন, চুক্তিতে না এলে ইরানের ওপর চাপ আরও বাড়ানো হবে।
নিজের পোস্টে ট্রাম্প লেখেন, 'ইরান সরকারের অনুরোধ মেনে দেশটির জ্বালানি উৎপাদন কেন্দ্রগুলো ধ্বংস করার প্রক্রিয়া ১০ দিনের জন্য স্থগিত রাখছি।' ৬ এপ্রিল পর্যন্ত এই স্থগিতাদেশ জারি থাকবে বলেও জানান তিনি।
সংবাদমাধ্যমের একাংশকে আক্রমণ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, 'আলোচনা চলছে। ভুয়া খবর ছড়ানো সংবাদমাধ্যমগুলো অন্য দাবি করলেও আদতে কথাবার্তা অত্যন্ত ভালো দিকে এগোচ্ছে।'
মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠানোর কথা ভাবছেন ট্রাম্প: ওয়ালস্ট্রিট জার্নাল
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার অতিরিক্ত পদাতিক সেনা পাঠানোর বিষয়টি বিবেচনা করছেন। দ্য ওয়ালস্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের সঙ্গে সম্ভাব্য শান্তি আলোচনার প্রস্তুতির পাশাপাশি ট্রাম্পের হাতে 'মিলিটারি অপশন' (সামরিক বিকল্প) আরও বাড়ানোর লক্ষ্যেই এই অতিরিক্ত সেনা মোতায়েনের পরিকল্পনা করা হচ্ছে।
এই সেনাদলের মধ্যে মূলত পদাতিক বাহিনী এবং সাঁজোয়া যান থাকার সম্ভাবনা রয়েছে। এটি ওই অঞ্চলে ইতোমধ্যে মোতায়েন করা ৫ হাজার মার্কিন 'মেরিন'-এর (নৌসেনা) অতিরিক্ত হিসেবে পাঠানো হবে।
তবে এই সেনাদের ঠিক কোথায় মোতায়েন করা হবে, সে বিষয়ে এখনও সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
এই বিষয়ে মন্তব্য জানতে হোয়াইট হাউস এবং মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের সঙ্গে যোগাযোগ করেছে বিবিসি। তবে তাৎক্ষণিকভাবে তাদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
