ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার আজ (২২ মার্চ) ২৩তম দিন। হামলার প্রথম দিন ২৮ ফেব্রুয়ারিই দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ অন্তত ৪০ জন শীর্ষ নেতা নিহত হন। এর জবাবে প্রতিশোধমূলক হামলা শুরু করেছে ইরান। দেশটি ইরাক, কুয়েত, বাহরাইন ও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলের যেসব দেশে মার্কিন ঘাঁটি রয়েছে, সেগুলো লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে। একইসঙ্গে ইসরায়েলের বিভিন্ন শহরেও হামলা হচ্ছে। এতে সংঘাত পুরো মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়ছে।
রণক্ষেত্রেই সব হুমকির মোকাবিলা করা হবে, ট্রাম্পের উদ্দেশে পেজেশকিয়ান
ইরানের বিরুদ্ধে 'হুমকি ও আতঙ্ক' ছড়ানোর চেষ্টা দেশটিকে আরও বেশি ঐক্যবদ্ধ করছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুঁশিয়ারির জবাবে তিনি এই মন্তব্য করেন।
উল্লেখ্য, হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়া না হলে ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলার হুমকি দিয়েছিলেন ট্রাম্প। এর প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে পেজেশকিয়ান বলেন, 'ইরান রণক্ষেত্রেই এই ধরনের প্রলাপপূর্ণ হুমকির দৃঢ়ভাবে মোকাবিলা করবে।'
হরমুজ প্রণালীর বর্তমান পরিস্থিতি নিয়ে ইরানি প্রেসিডেন্ট স্পষ্ট করে বলেন, 'যারা আমাদের ভূখণ্ড লঙ্ঘন করবে, তারা ছাড়া বাকি সবার জন্যই হরমুজ প্রণালী উন্মুক্ত।'
পারমাণবিক কেন্দ্রে হামলা হলে হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের
ইরানের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলার হুমকির প্রেক্ষিতে কঠোর পাল্টা হুঁশিয়ারি দিয়েছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকির পর এই কড়া প্রতিক্রিয়া জানাল তেহরান।
আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, যদি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়, তবে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ 'হরমুজ প্রণালী' পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। ধ্বংস হওয়া স্থাপনাগুলো পুনর্নির্মাণ না হওয়া পর্যন্ত এই নৌপথ আর খোলা হবে না।
বিবৃতিতে ইসরায়েলের ওপর ব্যাপক হামলার হুমকি দিয়ে বলা হয়েছে, সেক্ষেত্রে ইসরায়েলের বিদ্যুৎ কেন্দ্র, জ্বালানি অবকাঠামো এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতকে লক্ষ্যবস্তু করা হবে।
আইআরজিসি আরও সতর্ক করেছে যে, মধ্যপ্রাচ্যের যেসব কোম্পানিতে মার্কিন শেয়ারহোল্ডার রয়েছে, সেগুলো 'সম্পূর্ণ ধ্বংস' করে দেওয়া হবে। এছাড়া যেসব আঞ্চলিক দেশ মার্কিন বাহিনীকে ঘাঁটি গাড়তে বা অবস্থান করতে দিচ্ছে, তাদের বিদ্যুৎ কেন্দ্রগুলোকেও 'বৈধ লক্ষ্যবস্তু' হিসেবে গণ্য করবে ইরান।
ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী
ইরানে চলমান যুদ্ধে এ পর্যন্ত ২১০ জন শিশু নিহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রাণহানির পাশাপাশি যুদ্ধে এখন পর্যন্ত ১ হাজার ৫১০ জন শিশু আহত হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন যে, সংঘাতের ফলে দেশটির স্বাস্থ্য অবকাঠামো ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। ক্রমাগত হামলায় এ পর্যন্ত ৩০০টি স্বাস্থ্যসেবা, চিকিৎসা ও জরুরি সেবা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে প্রশ্নের মুখে নেতানিয়াহু
ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলা এবং ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার স্থায়িত্ব নিয়ে নিজ দেশে ও আন্তর্জাতিক মহলে ক্রমবর্ধমান প্রশ্নের মুখে পড়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পরিস্থিতি মোকাবিলায় তিনি হিব্রু ও ইংরেজি—উভয় ভাষায় বক্তব্য রাখলেও দুই ক্ষেত্রে তার বার্তার সুর ছিল ভিন্ন।
হিব্রু ভাষায় দেওয়া বক্তব্যে নেতানিয়াহু দিমোনা এবং আরাদ শহরে ইরানের রাতভর ক্ষেপণাস্ত্র হামলার প্রসঙ্গ টেনে বলেন, সেখানে ১৮০ জনের বেশি মানুষ আহত হলেও কেউ নিহত না হওয়া একটি 'অলৌকিক ঘটনা'। যুদ্ধের সময়সীমা নিয়ে দেশবাসীকে ধৈর্যের আহ্বান জানিয়ে তিনি বলেন, 'এই লড়াইয়ে জয়ী হতে যতক্ষণ সময় প্রয়োজন, আমরা ততক্ষণই লড়াই চালিয়ে যাব।'
তবে ইংরেজি ভাষায় বিশ্ববাসীর উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তাকে অনেক বেশি আক্রমণাত্মক মেজাজে দেখা গেছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাগাড়ম্বরের সুর টেনে তিনি ইরানকে পুরোপুরি ধ্বংস করার কথা বলেন।
নেতানিয়াহু দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বর্তমান বিশ্বকে রক্ষা করার জন্য এই লড়াই লড়ছে। তাই বিশ্বের অন্যান্য নেতাদেরও এই যুদ্ধে তাদের পাশে দাঁড়ানো উচিত।
বিশ্লেষকরা বলছেন, নেতানিয়াহুর এই কঠোর অবস্থানের পেছনে রয়েছে গভীর সংশয়। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আর কতদিন এমন নিরবচ্ছিন্ন সুরক্ষা দিতে পারবে এবং তার যুদ্ধ জয়ের ঘোষণা কবে বাস্তবে রূপ নেবে—তা নিয়ে জনমনে প্রশ্ন উঠছে।
যুদ্ধের প্রথম দিনেই নেতানিয়াহু দাবি করেছিলেন যে, ইরানের ক্ষেপণাস্ত্র ছোড়ার সক্ষমতা ইসরায়েল উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিয়েছে। কিন্তু বাস্তবের চিত্র সম্পূর্ণ ভিন্ন; ইরানের ক্ষেপণাস্ত্র হামলা কমার বদলে বরং আরও তীব্র হয়েছে এবং ইসরায়েলের অভ্যন্তরে বিভিন্ন স্থানে তা আঘাত হানছে।
ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির স্থাপনা ধ্বংস করার দাবি যুক্তরাষ্ট্রের
ইরানের একটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ধ্বংস করার দাবি করেছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। তেহরানের অদূরে অবস্থিত ওই স্থাপনাটিতে বিভিন্ন পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করা হতো বলে জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে সেন্টকম জানায়, ধ্বংস হওয়া স্থাপনাটির নাম 'কুহ-ই বারজামালি ব্যালিস্টিক মিসাইল অ্যাসেম্বলি ফ্যাসিলিটি'। এটি ইরানের রাজধানী তেহরানের দক্ষিণ-পূর্বে বারজামালি পাহাড় এলাকায় অবস্থিত।
সেন্টকমের তথ্য অনুযায়ী, ওই কারখানায় খুব কাছের, স্বল্প এবং মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি ও সংযোজন করা হতো। চলতি মাসের শুরুর দিকে এই অভিযান চালানো হয় বলে জানানো হয়েছে।
মার্কিন বাহিনী তাদের দাবির সপক্ষে ওই স্থাপনার ওপর হামলার আগের এবং পরের স্যাটেলাইট ছবিও প্রকাশ করেছে। তবে এই হামলার বিষয়ে এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
মধ্যপ্রাচ্য যুদ্ধ মানব সভ্যতার জন্য এক 'কলঙ্ক', অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান পোপ লিও'র
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ এবং এর ফলে সৃষ্ট প্রাণহানি ও দুর্ভোগকে পুরো মানব পরিবারের জন্য একটি 'কলঙ্ক' হিসেবে অভিহিত করেছেন পোপ লিও। একইসঙ্গে তিনি সেখানে অবিলম্বে যুদ্ধবিরতির জন্য পুনরায় জোরালো আহ্বান জানিয়েছেন।
পোপ জানান, তিনি গভীর 'হতাশা' ও শঙ্কার সঙ্গে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের সংঘাতপূর্ণ পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
সেন্ট পিটার্স স্কোয়ারে সাপ্তাহিক 'অ্যাঞ্জেলাস' প্রার্থনাকালে পোপ লিও বলেন, 'এসব দ্বন্দ্বে অসংখ্য মানুষের দুর্ভোগ এবং অসহায় শিকারদের দেখে আমরা চুপ থাকতে পারি না। তাদের যে কোনো ক্ষত বা কষ্ট আসলে পুরো মানবজাতিরই কষ্ট।'
শান্তির পক্ষে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি আরও বলেন, 'আমি আবারও সবাইকে নিরবচ্ছিন্নভাবে প্রার্থনা চালিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি, যাতে সব ধরনের শত্রুতা বন্ধ হয় এবং শেষ পর্যন্ত শান্তির পথ প্রশস্ত হয়।'
কাতারে হেলিকপ্টার দুর্ঘটনায় তুরস্কের তিন নাগরিকসহ নিহত ৭
কাতারে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিন তুর্কি নাগরিকসহ মোট সাতজন নিহত হয়েছেন। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।
এর আগে প্রাথমিক রিপোর্টে ছয়জনের মৃত্যু এবং একজন নিখোঁজ থাকার কথা জানানো হয়েছিল। তবে সর্বশেষ বিবৃতিতে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দুর্ঘটনায় হেলিকপ্টারে থাকা সাতজনের সবাই প্রাণ হারিয়েছেন।
নিহতদের মধ্যে একজন তুরস্কের সেনাসদস্য এবং দুইজন তুরস্কের বিখ্যাত প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান 'অ্যাসেলসান'-এর নিরাপত্তা কর্মী রয়েছেন। এছাড়া দুর্ঘটনায় কাতারের সশস্ত্র বাহিনীর চার সদস্য নিহত হয়েছেন।
তুরস্কের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে কাতারি কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। এর আগে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে নিহতদের নাম প্রকাশ করে।
ইরানের বিরুদ্ধে যুদ্ধে বিশ্ব নেতাদের যোগ দেওয়ার আহ্বান নেতানিয়াহুর
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান লড়াইয়ে বিশ্ব নেতাদের যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দক্ষিণ ইসরায়েলের আরাদ শহরে সাম্প্রতিক এক হামলার ঘটনাস্থল পরিদর্শনকালে তিনি এই মন্তব্য করেন।
নেতানিয়াহু দাবি করেন, বেশ কিছু দেশ ইতিমধ্যেই এই যুদ্ধে সহযোগিতার দিকে অগ্রসর হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় তিনি আরও ব্যাপক আন্তর্জাতিক সম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তব্যে ইরানের বিরুদ্ধে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার অভিযোগ তোলেন নেতানিয়াহু। সেই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, ইরানের হাতে এমন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে যা ইউরোপের গভীরেও আঘাত হানতে সক্ষম।
ইরান যুদ্ধ শুরুর পর থেকে ১৪৫ ক্ষেপণাস্ত্র ও ২৪৬ ড্রোন ধ্বংসের দাবি বাহরাইনের
ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত মোট ১৪৫টি ক্ষেপণাস্ত্র এবং ২৪৬টি ড্রোন ভূপাতিত ও ধ্বংস করেছে বাহরাইনের প্রতিরক্ষা বাহিনী। দেশটির সামরিক বাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।
বাহরাইনের সামরিক বাহিনী জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের পক্ষ থেকে আসা "ক্রমাগত" হামলাগুলো সফলভাবে মোকাবিলা করে যাচ্ছে। বিবৃতিতে বলা হয়েছে, বর্তমান উত্তেজনা বা সংঘাতের শুরু থেকেই এই প্রতিহত করার কার্যক্রম অব্যাহত রয়েছে।
বিবৃতিতে বাহরাইনের সাধারণ জনগণকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। নাগরিকদের ক্ষতিগ্রস্ত এলাকা বা কোনো সন্দেহজনক বস্তু এড়িয়ে চলতে এবং সামরিক অভিযান কিংবা হামলার শিকার হওয়া স্থানের ভিডিও বা ছবি ধারণ করা থেকে বিরত থাকতে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
বাহরাইনের প্রতিরক্ষা বাহিনী আরও উল্লেখ করেছে যে, "বেসামরিক অবকাঠামো এবং ব্যক্তিগত সম্পত্তির ওপর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মাধ্যমে হামলা চালানো আন্তর্জাতিক মানবিক আইনের এক চরম লঙ্ঘন।"
ইরানে ইন্টারনেট শাটডাউনের ২৩ দিন গড়াল
ইরানে চলমান যুদ্ধের শুরু থেকে দেশটির কর্তৃপক্ষের আরোপ করা দেশব্যাপী ইন্টারনেট ব্ল্যাকআউট বা সংযোগ বিচ্ছিন্নতা আজ ২৩তম দিনে গড়িয়েছে। ইন্টারনেট পর্যবেক্ষণকারী সংস্থা 'নেটব্লকস' এই তথ্য নিশ্চিত করেছে।
সংস্থাটি জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইরানি কর্তৃপক্ষ এই কঠোর বিধিনিষেধ আরোপ করে। ফলে দেশটির সাধারণ মানুষ টানা ২৩ দিন ধরে ইন্টারনেট সেবা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন রয়েছেন।
নেটব্লকস আরও উল্লেখ করেছে, "এই পদক্ষেপের ফলে লাখ লাখ বেসামরিক নাগরিকের যুদ্ধকালীন দুর্দশা আরও বেড়েছে; কারণ তথ্যের কোনো স্বাধীন উৎস বা সতর্কবার্তা পাওয়ার মাধ্যম তাদের কাছে নেই।"
কাতারের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৬, নিখোঁজ ১
কাতারে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনায় ৬ জনের মরদেহ উদ্ধার হয়েছে। এখনও একজন নিখোঁজ রয়েছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে এই খবর জানানো হয়েছে।
সমাজমাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, কাতারের জলসীমায় ব্যাপক তল্লাশি ও উদ্ধারকাজ চালানো হয়। কপ্টারে থাকা সাত আরোহীর মধ্যে ছ'জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। নিখোঁজ এক আরোহীর সন্ধানে এখনও তল্লাশি চলছে। বিশেষ উদ্ধারকারী দলকে এই কাজে নামানো হয়েছে।
এর আগে সংবাদমাধ্যম আল জাজিরা-র সাংবাদিক জেইন বাসরাভি দুবাই থেকে জানিয়েছিলেন, 'যান্ত্রিক ত্রুটির' কারণে মাঝপথে ওই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
ইসরায়লে ইরানের হামলার তীব্রতা 'ক্রমেই বাড়ছে'
মধ্য ইসরায়েলের সাংবাদিক সামাহ ওয়াতাদ আল জাজিরাকে জানিয়েছেন, ইসরায়েলে ইরানের হামলা ক্রমেই আরও তীব্র হচ্ছে।
তিনি জানান, ইরানের হামলার জেরে মধ্য ইসরায়েলজুড়ে সতর্কতা সাইরেন বেজে ওঠে। অন্যদিকে লেবানন ভূখণ্ড থেকে ধেয়ে আসা একটি মিসাইল উত্তর ইসরায়েলে একটি গাড়ির উপর আছড়ে পড়ে। এতে বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে।
ওয়াতাদ বলেন, 'গত আধঘণ্টায় এই নিয়ে তিনবার সতর্কবার্তা জারি করা হলো।' তিনি বলেন, যুদ্ধের শুরুর দিকের তুলনায় এখন ইসরায়েলে হামলার গতি অনেকটাই বেড়েছে এবং তা 'আরও তীব্র হয়ে উঠছে'।
এই সাংবাদিক আরও জানান, রাতের অন্ধকারে আরাদ ও দিমোনা শহরে হওয়া হামলায় অন্তত ১০০ জন আহত হয়েছেন। বিস্তর ক্ষয়ক্ষতি হয়েছে ওই দুই এলাকায়। তবে ইসরায়েলের নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেন এই মিসাইলগুলোকে মাঝপথে রুখে দিতে ব্যর্থ হলো, তা নিয়ে তদন্ত শুরু করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।
ইসরায়েলের কোনো পারমাণবিক স্থাপনায় হামলার সুনিশ্চিত খবর এখনও পর্যন্ত মেলেনি। তবে ওয়াতাদ বলেন, ইসরায়েলের সংবেদনশীল এলাকা ও সার্বিক ক্ষয়ক্ষতির খবর প্রকাশ্যে আনার ক্ষেত্রে প্রশাসন কড়া 'সেন্সরশিপ' আরোপ করেছে।
লেবানন থেকে নিক্ষিপ্ত প্রজেক্টাইলে গাড়িতে আঘাত, এক ব্যক্তির মৃত্যু
লেবানন থেকে নিক্ষিপ্ত প্রজেক্টাইলের আঘাতে ইসরায়েলের মিসগাভ আম এলাকায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে চ্যানেল ১২।
প্রজেক্টাইলটি নিহত ব্যক্তির গাড়িতে আঘাত হানে।
অ্যাম্বুলেন্স সার্ভিসের পরিচালক এলি বিন চ্যানেল ১২-কে বলেন, "মিসগাভ আমে গাড়ির ভেতরে আটকে পড়া ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।"
চ্যানেল ১২-এর টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত ছবিতে দুটি গাড়িকে আগুনে পুড়তে দেখা যায়।
ইরানের অনুমতি সাপেক্ষে হরমুজ প্রণালি দিয়ে বিদেশি জাহাজ চলাচল করতে পারবে
আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থায় (আইএমও) নিযুক্ত ইরানের প্রতিনিধি জানিয়েছেন, নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থার সমন্বয়ে ইরান সরকারের অনুমতি নিয়ে হরমুজ প্রণালি দিয়ে বিদেশি জাহাজ চলাচল করতে পারবে।
যুক্তরাজ্যে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ও আইএমও প্রতিনিধি আলি মুসাভি মেহর বার্তা সংস্থাকে বলেন, আন্তর্জাতিক বাধ্যবাধকতার পাশাপাশি "ইরানের ভৌগোলিক অখণ্ডতা ও অধিকার"কে সম্মান করতে হবে।
তিনি আরও বলেন, সামুদ্রিক নিরাপত্তা জোরদার এবং নাবিকদের সুরক্ষায় আইএমও ও সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছে ইরান।
মুসাভি জানান, হরমুজ প্রণালি কেবল ইরানের "শত্রুদের" জন্য বন্ধ রয়েছে।
তিনি উপসাগরীয় অঞ্চলের বর্তমান পরিস্থিতি ও হরমুজ ইস্যুর জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধকে দায়ী করেন।
মধ্য ইসরায়েলে হামলা, হতাহত
আজ ইরানের প্রথম দফার ক্ষেপণাস্ত্র হামলায় মধ্য ইসরায়েলে হতাহতের খবর পাওয়া গেছে বলে জানিয়েছে ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড।
খবর পেয়েই দেশটির উদ্ধারকারী দল ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে।
চ্যানেল ১২ জানিয়েছে, হোলন শহরে অন্তত একজন আহত হয়েছেন।
এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছিল, ইরানের নতুন দফার ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে।
ইসরায়েলের দিকে নতুন করে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইরান থেকে ইসরায়েলের দিকে নতুন করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।
এর কিছুক্ষণের মধ্যেই আল জাজিরা এরাবিকের বরাতে জানা গেছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের মধ্যাঞ্চলে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়।
তবে এ হামলায় তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
ইরাকে মার্কিন ঘাঁটিতে ২৪ ঘণ্টায় ২১ হামলার দাবি সশস্ত্র গোষ্ঠীর
ইরাকে 'ইসলামিক রেজিস্ট্যান্স' নামের একটি সশস্ত্র গোষ্ঠী দাবি করেছে, গত ২৪ ঘণ্টায় দেশটির বিভিন্ন এলাকা ও আশপাশের অঞ্চলে মার্কিন ঘাঁটিতে অন্তত ২১টি হামলা চালানো হয়েছে।
গোষ্ঠীটি জানিয়েছে, এসব হামলায় তারা ডজনখানেক ড্রোন ও রকেট ব্যবহার করেছে।
যুদ্ধ আরও ১০ দিন চললে তেলের দাম 'ব্যারেলপ্রতি ১৫০ ডলারে উঠতে পারে'
যুদ্ধ আরও ১০ দিন স্থায়ী হলে বৈশ্বিক বাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১৫০ ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন ইরানের জ্বালানি কৌশলবিদ মাহদি আরবসাদেগ।
ইরানের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট-সংশ্লিষ্ট এই বিশেষজ্ঞ বার্তা সংস্থা ফার্সকে জানান, যুদ্ধ শুরুর পর থেকে 'শত্রু জাহাজের' জন্য হরমুজ প্রণালি বন্ধ রাখায় প্রতিদিন প্রায় ২ কোটি ১০ লাখ ব্যারেল তেল পরিবহন বন্ধ রয়েছে, যা সরবরাহে বড় ধরনের প্রভাব ফেলেছে।
তিনি বলেন, প্রণাললি বন্ধের আগে তেলের দাম ছিল ব্যারেলপ্রতি ৬৫ ডলার। তবে দাম নিয়ন্ত্রণে রাখতে যুক্তরাষ্ট্রের নানা চেষ্টার পরও তা দ্রুত বেড়ে ১১৯ ডলারে পৌঁছেছে।
এর মধ্যে ট্রাম্প প্রশাসন সমুদ্রপথে ইরানি তেল কেনার ক্ষেত্রে ৩০ দিনের জন্য নিষেধাজ্ঞা শিথিল করার সিদ্ধান্তও নিয়েছে।
বিদ্যুৎকেন্দ্রে হামলা হলে জ্বালানি ও পানি স্থাপনায় পাল্টা আঘাতের হুঁশিয়ারি ইরানের
ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানো হলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-সংশ্লিষ্ট সব জ্বালানি অবকাঠামোতে আঘাত হানার হুঁশিয়ারি দিয়েছে দেশটির সামরিক বাহিনী।
ইরানের খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় কমান্ডের মুখপাত্র ইব্রাহিম জোলফাঘারি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-সংশ্লিষ্ট পানি ডিস্যালাইনেশন প্ল্যান্ট এবং তথ্যপ্রযুক্তি অবকাঠামোকেও লক্ষ্যবস্তু করা হবে।
এর আগে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে না দিলে ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি দেন। এরপরেই এমন সতর্কবার্তা দিল ইরান।
এদিকে বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সাবেক প্রধান আলি লারিজানি আগে সতর্ক করে বলেছিলেন, ইরানের বিদ্যুৎ গ্রিডে হামলা হলে "আধা ঘণ্টার মধ্যেই পুরো অঞ্চল অন্ধকারে ডুবে যাবে।"
হরমুজ প্রণালি খুলে দিতে ইরানকে ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটাম
হরমুজ প্রণালি খোলার জন্য ইরানকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এই সময়ের মধ্যে 'বিনা হুমকিতে' হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে খুলে না দিলে ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলো ধ্বংস করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, 'এই মুহূর্ত থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ইরান যদি হরমুজ প্রণালি পুরোপুরি এবং কোনো ধরনের হুমকি ছাড়া খুলে না দেয়, তাহলে যুক্তরাষ্ট্র তাদের (ইরানের) বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রে হামলা চালাবে এবং ধ্বংস করে দেবে—সবচেয়ে বড় কেন্দ্রটি দিয়েই হামলা শুরু করা হবে।'
আরাদে হামলার পর প্রতিরক্ষা জোরদারের অঙ্গীকার নেতানিয়াহুর
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, আরাদে হামলা হওয়ার পর তিনি শহরটির মেয়রের সঙ্গে কথা বলেছেন। তিনি হামলার সময়কে আরাদ শহরের জন্য "খুব কঠিন এক সন্ধ্যা" হিসেবে উল্লেখ করেছেন।
ইসরায়েলের জরুরি সেবাগুলো জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় আরাদ শহরে ইরানি হামলার পর ৮৮ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নেতানিয়াহু লিখেছেন, বর্তমানে মাঠে কাজ করা জরুরি ও উদ্ধারকারী বাহিনীকে আরও শক্তিশালী করা হবে। একই সঙ্গে তিনি দেশজুড়ে সবাইকে নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।
তিনি আরও বলেন, "সব ফ্রন্টে আমাদের শত্রুদের ওপর হামলা চালিয়ে যাওয়ার ব্যাপারে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।"
ডিমোনায় হামলার পর দক্ষিণাঞ্চলে স্কুল বন্ধ, বড় জমায়েত নিষেধাজ্ঞা ইসরায়েলের
ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ডিমোনাসহ দেশের দক্ষিণাঞ্চলে সব স্কুল বন্ধ ঘোষণা করেছে ইসরায়েল। একই সঙ্গে ৫০ জনের বেশি মানুষের জমায়েতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যা মঙ্গলবার পর্যন্ত বহাল থাকবে বলে জানিয়েছে কান সম্প্রচারমাধ্যম।
প্রতিবেদন অনুযায়ী, নেগেভ, লাচিশ ও ডেড সি অঞ্চলগুলোতে এসব বিধিনিষেধ কার্যকর রয়েছে।
এতে বলা হয়েছে, বড় ধরনের কোনো সমাবেশ কেবল তখনই আয়োজন করা যাবে, যদি অংশগ্রহণকারীরা ক্ষেপণাস্ত্র সতর্কতা জারির ক্ষেত্রে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে সক্ষম হন।
এর আগে শিক্ষা মন্ত্রণালয় ঘোষণা দিয়েছিল, সোমবার সারাদেশে সব ধরনের শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে।
ইসরায়েলের বিভিন্ন শহর ও উপসাগরীয় ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, তাদের সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের আরাদ, ডিমোনা, এলাত, বেয়ারশেবা ও কিরিয়াত গাত শহরের সামরিক স্থাপনা ও নিরাপত্তা কেন্দ্রগুলো লক্ষ্যবস্তু করে হামলা চালানো হয়েছে।
আইআরজিসি আরও দাবি করেছে, কুয়েতের আলি আল সালেম ঘাঁটি এবং সংযুক্ত আরব আমিরাতের আল মিনহাদ ও আল ধাফরা ঘাঁটিতেও হামলা চালিয়েছে তেহরান।
তাদের দাবি, এসব হামলায় ২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।
তবে ইসরায়েল জানিয়েছে, এসব হামলায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। দেশটির অ্যাম্বুলেন্স সার্ভিস জানায়, আরাদে ৮৮ জন আহত হয়েছেন এবং ডিমোনায় আহত ৩৯ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।
ইসরায়েলের পারমাণবিক কর্মসূচির কেন্দ্র ডিমোনায় ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত
ইসরায়েলের দক্ষিণাঞ্চলের নেগেভ মরুভূমিতে অবস্থিত ডিমোনা শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। শহরটি ইসরায়েলের পারমাণবিক কর্মসূচির কেন্দ্র হিসেবে পরিচিত।
প্রতিবেদনে বলা হয়েছে, একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সরাসরি আঘাত হেনেছে। এছাড়া শহরের আশপাশে আরও কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
এ হামলায় ৫০ জনের বেশি আহত হয়েছেন; তাদের অধিকাংশকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ১২ বছরের এক শিশুর অবস্থা গুরুতর বলে জানা গেছে।
ইরানের দাবি, তাদের নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় হামলার প্রতিশোধ হিসেবেই এই হামলা চালানো হয়েছে। তবে ইসরায়েল জানিয়েছে, ওই হামলায় তারা জড়িত ছিল না এবং এটি ছিল যুক্তরাষ্ট্রের অভিযান। সাম্প্রতিক বিভিন্ন খবরে বলা হয়েছে, নাতাঞ্জ স্থাপনাটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বা সমন্বিত হামলার লক্ষ্যবস্তু ছিল বলে ইরানের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
তবে ইসরায়েল সাম্প্রতিক সময়ে অন্যান্য কিছু হামলার দায় স্বীকার করেছে। এর মধ্যে তেহরানের একটি বিশ্ববিদ্যালয়ে অবস্থিত একটি পারমাণবিক অস্ত্র গবেষণা কেন্দ্র বলে দাবি করা স্থাপনায় হামলার বিষয়টিও রয়েছে।
এদিকে, শনিবারজুড়ে ডিমোনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়। শহরটিতে মোট সাতবার বিমান হামলার সতর্ক সংকেত জারি করা হয়। এরইমধ্যে একের পর এক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করার চেষ্টা করে।
যদিও শহরটির কৌশলগত গুরুত্ব এবং আগত ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সক্ষমতা নিয়ে গর্ব করে ইসরায়েল। এরপরেও কীভাবে এই ক্ষেপণাস্ত্রগুলো প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম হলো, তা নিয়ে তদন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
