ইরান যুদ্ধের বিরোধিতা করে মার্কিন সন্ত্রাসবাদবিরোধী কর্মকর্তার পদত্যাগ; ট্রাম্প বললেন, ‘ভালো হয়েছে’
ইরানের সাথে যুদ্ধের কারণে মার্কিন ন্যাশনাল কাউন্টারটেররিজম সেন্টারের পরিচালক জো কেন্ট পদত্যাগ করেছেন।
জো কেন্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক উভয়কেই 'সন্ত্রাসবাদ' সংক্রান্ত হুমকির বিষয়ে পরামর্শ দিতেন৷
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ পোস্ট করা একটি পদত্যাগপত্রে জো কেন্ট বলেছেন যে তিনি এই চলমান যুদ্ধকে নৈতিকভাবে সমর্থন করতে পারছেন না।
তিনি বলেন, 'ইরান আমাদের জাতির জন্য কোনো আসন্ন হুমকি ছিল না, এবং এটি স্পষ্ট যে ইসরায়েল এবং তাদের শক্তিশালী আমেরিকান লবির চাপের কারণেই আমরা এই যুদ্ধ শুরু করেছি৷'
ট্রাম্পের অতীতে বিদেশে মার্কিন সম্পৃক্ততা বন্ধ করার প্রতিশ্রুতির কথা উল্লেখ করে তিনি লিখেছেন, 'আপনি বুঝতে পেরেছিলেন যে মধ্যপ্রাচ্যের যুদ্ধগুলো ছিল একটি ফাঁদ যা আমাদের দেশপ্রেমিকদের মূল্যবান জীবন ছিনিয়ে নিয়েছে এবং আমাদের জাতির সম্পদ ও সমৃদ্ধি শেষ করে দিয়েছে৷'
গত ২৮ ফেব্রুয়ারি ইরান লক্ষ্য করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ট্রাম্প প্রশাসনের এটিই সবচেয়ে হাই-প্রোফাইল ব্যক্তির পদত্যাগ।
কাউন্টারটেররিজম প্রধানের পদত্যাগে 'ভালো হয়েছে': ট্রাম্প
এদিকে জো কেন্ট পদত্যাগ করায় ভালো হয়েছে বলে মন্তব্য করেছেন ট্রাম্প। তিনি বলেছেন, নিরাপত্তা বিষয়ে দুর্বল ছিলেন কেন্ট।
জো কেন্টের পদত্যাগের বিষয়ে করা এক প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট এ কথা বলেন।
'যখন আমি তার (কেন্ট) বিবৃতি পড়ি, তখন মনে হয়েছে তার চলে যাওয়া ভালো একটা ব্যাপার। কারণ কেন্ট বলেছিলেন, ইরান কোনও হুমকি নয়', বলেন তিনি।
ট্রাম্প বলেন, 'প্রত্যেক দেশই বুঝেছিল ইরান কী ধরনের হুমকি ছিল— প্রশ্ন হলো তারা এ বিষয়ে কিছু করতে চায় কি না।'
