ইউক্রেনের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের মজুত প্রায় শেষের পথে: জেলেনস্কি
মার্কিন যুক্তরাষ্ট্রের সরবরাহ করা প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য ইউক্রেনের ক্ষেপণাস্ত্র মজুত প্রায় শেষের পথে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) কিয়েভে এক সংবাদ সম্মেলনে তিনি এ পরিস্থিতির কথা জানান। এর এক সপ্তাহ আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইউক্রেনকে শত শত বিলিয়ন ডলারের মার্কিন সহায়তার প্রতিদান হিসেবে খনিজ সম্পদ দেওয়ার নির্দেশ দেয় এবং সংঘাত নিরসনের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়।
গত মাসে দায়িত্ব নেওয়ার পরই ট্রাম্প ইউক্রেনে মার্কিন সহায়তা স্থগিত রেখে বিষয়টি পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নেন।
জেলেনস্কি জানান, সরাসরি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সরবরাহ সম্ভব না হলে ইউক্রেনের নিজস্ব উৎপাদনের অনুমতি পেতে তিনি আবেদন করেছেন। তিনি গোলাবারুদের সংকটের কথাও তুলে ধরেন। তার মতে, ইউক্রেনের সামরিক কর্মকর্তারা সতর্ক করে জানিয়েছেন যে তাদের আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের মজুত দ্রুত ফুরিয়ে আসছে।
তিনি বলেন, "ভোর তিনটা, চারটা, পাঁচটা— প্রধান কমান্ডার আমাকে ফোন করেন এবং জানান, প্যাট্রিয়টের জন্য আমাদের আর ক্ষেপণাস্ত্র নেই। তিনি বলেন, আকাশে আটটি ক্ষেপণাস্ত্র উড়ছে, কিন্তু আমাদের প্রতিরক্ষার জন্য কোনো ক্ষেপণাস্ত্র নেই।"
জেলেনস্কি আরও ২০টি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যাটারি সরবরাহের অনুরোধ জানিয়ে বলেন, এগুলো পরিচালনার জন্য মার্কিন সেনাদের প্রয়োজন হবে না, কারণ ওয়াশিংটন ইউক্রেনে সেনা মোতায়েনে অনীহা প্রকাশ করেছে।
যুক্তরাষ্ট্রকে ইউক্রেনের খনিজ সম্পদের ব্যবহারের অনুমতি দেওয়া সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানানোর বিষয়ে প্রশ্ন করা হলে জেলেনস্কি বলেন, মার্কিন প্রতিনিধিরা যে নথি উপস্থাপন করেছেন, তাতে 'নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে একটিও শব্দ নেই।' তিনি আরও বলেন, 'নথিটি কেবল এক বিষয়ে স্পষ্ট— আমাদের ৫০ শতাংশ দিতে হবে।'
এ বিষয়ে হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র ব্রায়ান হিউজ এপি-কে বলেন, ইউক্রেনের প্রেসিডেন্টকে যে সুযোগ ট্রাম্প প্রশাসন দিচ্ছে, তা প্রত্যাখ্যান করে তিনি 'দূরদৃষ্টির অভাব' দেখাচ্ছেন।
গত সপ্তাহে ট্রাম্প বলেছিলেন, তিনি ইউক্রেনকে দেওয়া "৩০০ বিলিয়ন ডলার" সহায়তার বদলে "প্রায় ৫০০ বিলিয়ন ডলার মূল্যের বিরল খনিজ" চান।
রিয়াদে রাশিয়া-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক আলোচনা শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প জানান, তিনি "অভিযোগ" করেছেন যে তিন বছরের মধ্যে এই সংঘাত কূটনৈতিকভাবে সমাধান করা সম্ভব হয়নি।
এ বিষয়ে প্রশ্ন করা হলে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনের পক্ষ থেকে আলোচনায় অংশগ্রহণের জন্য কোনো আমন্ত্রণ না পাওয়ার ব্যাপারে অভিযোগ তোলার কোনো ভিত্তি নেই।
তিনি বলেন, "আজ আমি শুনলাম, 'আমাদের আমন্ত্রণ জানানো হয়নি।' কিন্তু আপনারা তো তিন বছর ধরে সেখানে আছেন। আপনাদের তো এরই মধ্যে এটি সমাধান করে ফেলতে হতো।"
রিয়াদ আলোচনা শেষে, মার্কিন ও রুশ কর্মকর্তারা যুদ্ধ শেষ করার এবং কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারের জন্য প্রচেষ্টা অব্যাহত রাখার বিষয়ে সম্মত হন।
