জুতা ও লাগেজের সরঞ্জাম তৈরিতে ৭০ লাখ ডলার বিনিয়োগ করছে চীনা কোম্পানি
বাংলাদেশে দ্বিতীয় কারখানা স্থাপনে ৭০ লাখ ১০ হাজার ডলার বিনিয়োগ করতে যাচ্ছে চীনা কোম্পানি কেপিএসটি।
নতুন কারখানায় জুতার সরঞ্জাম, ব্যাগ ও লাগেজের বিভিন্ন উপকরণ, কাগজজাত পণ্য এবং মুদ্রিত সামগ্রী উৎপাদন করা হবে।
বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চট্টগ্রামের মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চল-১-এ (ইজেড-১) 'কেপিএসটি নিউ ম্যাটেরিয়াল (বিডি) কোম্পানি লিমিটেড' নামে কারখানাটি স্থাপন করা হবে। এতে ২০০ বাংলাদেশির কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
বুধবার (১৪ অক্টোবর) ঢাকায় বেপজার সঙ্গে জমি ইজারা চুক্তি সই করেছে প্রতিষ্ঠানটি।
৭ হাজার ২০০ বর্গমিটার জমিতে কারখানাটি স্থাপন করা হবে। এখান থেকে ভারত ও কম্বোডিয়ার জুতা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি বাংলাদেশের রপ্তানিমুখী জুতা কারখানাগুলোতে বিভিন্ন সরঞ্জাম সরবরাহ করা হবে।
কারখানাটির বার্ষিক উৎপাদন সক্ষমতা হবে ১ কোটি ১০ লাখ জোড়া জুতার সরঞ্জাম, ২৪ হাজার ঘনমিটার ফোম, ২ লাখ কাটিং বোর্ড এবং ২ লাখ ৫০ হাজার কাটিং ডাই ও মোল্ড। এর পাশাপাশি অন্যান্য পণ্যও উৎপাদন করা হবে।
বেপজার পক্ষে বিনিয়োগ উন্নয়ন বিভাগের সদস্য মো. তানভীর হোসেন এবং কেপিএসটি নিউ ম্যাটেরিয়াল (বিডি) কোম্পানি লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির পরিচালক ঝাং ইউগুও চুক্তিতে সই করেন। এ সময় বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন উপস্থিত ছিলেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ঝাং ইউগুও বলেন, প্রথম কারখানায় উৎপাদিত পণ্যের চাহিদা ও ক্রয়াদেশ বেড়ে যাওয়ায় তারা একই অর্থনৈতিক অঞ্চলে দ্বিতীয় কারখানা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি আরও বলেন, সামগ্রিক বিনিয়োগ পরিবেশ বিবেচনা করেই ব্যবসা সম্প্রসারণের জন্য বেপজাকে বেছে নিয়েছে প্রতিষ্ঠানটি।
নতুন বিনিয়োগকে স্বাগত জানিয়ে মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন বেপজার প্রতি কেপিএসটির অব্যাহত আস্থা এবং বাংলাদেশে কার্যক্রম সম্প্রসারণের সিদ্ধান্তের প্রশংসা করেন।
একই মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান কেপিএসটি সুজ (বিডি) কোম্পানি লিমিটেড বেপজা অর্থনৈতিক অঞ্চল-১ থেকে প্রথম রপ্তানি কার্যক্রম শুরু করে। প্রতিষ্ঠানটির কারখানায় ২০২৩ সালের নভেম্বর থেকে উৎপাদন চলছে।
