চট্টগ্রামে জুতা, ব্যাগ ও লাগেজের উপকরণ তৈরিতে ৭ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে চীনের কেপিএসটি
ফুটওয়্যার এক্সেসরিজ, ব্যাগ ও লাগেজের উপকরণ এবং কাগজ ও মুদ্রণ সামগ্রী তৈরির লক্ষ্যে বাংলাদেশে নিজেদের দ্বিতীয় কারখানা স্থাপনে ৭.০১ মিলিয়ন (৭০.১ লাখ) মার্কিন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে চীনা প্রতিষ্ঠান 'কেপিএসটি'।
এবিষয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, 'কেপিএসটি নিউ মেটেরিয়াল (বিডি) কোম্পানি লিমিটেড' নামের এই নতুন কারখানাটি চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) অর্থনৈতিক অঞ্চল-১-এ স্থাপন করা হবে। এর ফলে ২০০ জন বাংলাদেশী নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
এ উপলক্ষে আজ বুধবার (১৪ অক্টোবর) ঢাকার বেপজা কমপ্লেক্সে কেপিএসটি এবং বেপজার মধ্যে একটি ভূমি ইজারার চুক্তি সই হয়েছে।
৭,২০০ বর্গমিটার জমির ওপর নির্মিত হতে যাওয়া এই কারখানাটি ভারত ও কম্বোডিয়ার পাদুকা বা ফুটওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠানের পাশাপাশি— বাংলাদেশের রপ্তানিমুখী ফুটওয়্যার কারখানাগুলোতেও পণ্য সরবরাহ করবে।
উৎপাদন শুরু হলে কারখানাটির বার্ষিক উৎপাদন সক্ষমতা হবে ১ কোটি ১০ লাখ জোড়া ফুটওয়্যার এক্সেসরিজ, ২৪ হাজার ঘনমিটার ফোম, ২ লাখ কাটিং বোর্ড এবং আড়াই লাখ কাটিং ডাইস ও মোল্ডসহ জুতা উৎপাদনে ব্যবহৃত অন্যান্য প্রয়োজনীয় উপকরণ।
বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন এবং কেপিএসটি নিউ মেটেরিয়াল (বিডি) কোম্পানি লিমিটেডের পরিচালক ঝাং ইউগুও নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
একই মালিকানাধীন প্রতিষ্ঠান 'কেপিএসটি সুজ (বিডি) কোম্পানি লিমিটেড' ছিল বেপজা অর্থনৈতিক অঞ্চল-১ থেকে প্রথম রপ্তানি কার্যক্রম শুরু করা প্রতিষ্ঠান, যা ২০২৩ সালের নভেম্বর থেকে বাণিজ্যিক উৎপাদনে রয়েছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ঝাং ইউগুও বলেন, প্রথম কারখানায় প্রস্তুতকৃত পণ্যের অব্যাহত চাহিদা ও নতুন নতুন কাজের আদেশ (অর্ডার) বাড়ার কারণেই তাঁরা একই অঞ্চলে দ্বিতীয় কারখানা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি জানান, সার্বিক বিনিয়োগের পরিবেশ বিবেচনা করেই তাঁর প্রতিষ্ঠান বেপজাকে সপ্রসারণের কেন্দ্র হিসেবে বেছে নিয়েছে। নতুন এই উদ্যোগটি আরও ব্যবসায়িক সুযোগ তৈরি করবে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি বেপজার অব্যাহত সহায়তা ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।
নতুন এই বিনিয়োগকে স্বাগত জানিয়ে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন কর্তৃপক্ষের প্রতি কেপিএসটির এই আস্থা বজায় রাখা এবং বাংলাদেশে ব্যবসা প্রসারের সিদ্ধান্তকে সাধুবাদ জানান।
অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন; নির্বাহী পরিচালক (নিরাপত্তা) লেফট্যানেন্ট কর্নেল মো. মহসীন হাসান, বিএসপি, পিএসসি; নির্বাহী পরিচালক (প্রশাসন) সমীর বিশ্বাস; নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মশিউদ্দিন বিন মেসবাহ; নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ এস এম আনোয়ার পারভেজসহ বেপজা ও কেপিএসটির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত বেপজা অর্থনৈতিক অঞ্চলকে প্রশাসনিক ও পরিচালনগত সুবিধার স্বার্থে বেপজা ইজেড-১ এবং বেপজা ইজেড-২—এই দুই ভাগে বিভক্ত করা হয়েছে।
২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, বেপজা ইজেড-১ এ ১৪টি প্রতিষ্ঠান পূর্ণাঙ্গ উৎপাদনে ছিল এবং আরও ৩৩টি প্রতিষ্ঠান বাস্তবায়নের বিভিন্ন পর্যায়ে রয়েছে। অঞ্চলটি থেকে এ পর্যন্ত মোট রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে ৬৮.২৯ মিলিয়ন ডলারে এবং মোট বিনিয়োগ এসেছে ৯৮.৮৩ মিলিয়ন ডলার; যার মাধ্যমে ৪,৪২৮ জন বাংলাদেশীর কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।
