রিয়াদ বিমানবন্দর বন্ধ: ১৭ অক্টোবর পর্যন্ত বিমানের রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইট আগামী ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে।
আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফ্লাইটগুলোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত এবং যাত্রার সময়সূচির হালনাগাদ তথ্য বিমানের পক্ষ থেকে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।
ফ্লাইট স্থগিতের কারণে যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনস দুঃখ প্রকাশ করছে। একই সঙ্গে এ পরিস্থিতিতে যাত্রীদের ধৈর্য ও সহযোগিতা কামনা করেছে সংস্থাটি।
এদিকে, ফ্লাইট বাতিল হওয়ায় অনেক যাত্রীই বিপাকে পড়েছেন। মানিকগঞ্জের রাকিবুল হাসানের আগামীকাল মঙ্গলবার রিয়াদ এয়ারের একটি ফ্লাইটে সৌদি আরব যাওয়ার কথা ছিল। তবে ফ্লাইট স্থগিত হওয়ায় কবে দেশ ছাড়তে পারবেন, তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তিনি। এ বিলম্বের কারণে তার চাকরির কোনো সমস্যা হবে কি না, তা জানতে নিয়োগকারী এজেন্সির সঙ্গেও যোগাযোগ করেছেন রাকিবুল।
নিয়োগকারী একটি এজেন্সির মালিক আবদুল কাদের দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) বলেন, "আমি ওই কর্মীকে জানিয়েছি, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। যেহেতু সমস্যাটি সৌদি আরবের পক্ষ থেকে তৈরি হয়েছে, তাই তারা আমাদের আশ্বস্ত করেছে যে তার চাকরিতে কোনো প্রভাব পড়বে না। পরিস্থিতির উন্নতি হলে অথবা বিকল্প পথে আমরা কর্মীদের পাঠানোর ব্যবস্থা করব।"
এর আগে পৃথক বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ জানায়, কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখার সময়সীমা বাড়ানো ও নিরাপত্তাজনিত কারণে ঢাকা থেকে সৌদি আরবগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুটি ফ্লাইট স্থগিত করা হয়। ফ্লাইট দুটি হলো ঢাকা-রিয়াদগামী বিজি-৫৩৯ এবং ঢাকা-দাম্মামগামী বিজি-৩৪৯।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখার সময়সীমা আগামী ১৩ অক্টোবর বাংলাদেশ সময় ভোর ৩টা (২১:০০ ইউটিসি) পর্যন্ত বাড়িয়েছে। এ কারণে ঢাকা থেকে রিয়াদগামী বিজি-৫৩৯ ফ্লাইটটি স্থগিত করা হয়েছে।
অন্যদিকে, নিরাপত্তাজনিত কারণে ১২ অক্টোবর বাংলাদেশ সময় বিকেল ৩টা ১০ মিনিটে ঢাকা থেকে দাম্মামগামী বিজি-৩৪৯ ফ্লাইটটি স্থগিত করা হয়।
বিমান জানিয়েছিল, স্থগিত হওয়া ফ্লাইট দুটি সংক্রান্ত পরবর্তী সিদ্ধান্ত ও যাত্রার সময়সূচি সম্পর্কে আগামীকাল মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ১২টা নাগাদ হালনাগাদ তথ্য জানানো হবে।
এদিকে রয়টার্সের একটি প্রতিবেদনে বলা হয়েছে, হুতিদের হামলার পর বিমানবন্দরের কার্যক্রম স্থগিত রাখার সময় বাড়িয়েছে কর্তৃপক্ষ। গত শনিবার হামলার পর থেকে বিমানবন্দরটি বন্ধ রয়েছে। ওই হামলায় ১৩ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হন। গতকাল রোববার আরেক হামলায় একজন নিহত এবং ১০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।
