সোনারগাঁও সিগন্যালে ট্রাফিক পুলিশকে মারধর: নারীসহ ৩ জনের সাজা
রাজধানীর হোটেল সোনারগাঁও সিগন্যালে আইন অমান্য করতে নিষেধ করায় এক ট্রাফিক পুলিশকে মারধরের ঘটনায় নারীসহ তিনজনকে সাজা দিয়েছেন ডিএমপির তেজগাঁও বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। তারা হলেন- আফিয়া কনক (৪৫), শামসুজ্জামান (৫১) ও রাজু আহম্মেদ (২৯)।
সোমবার (৮ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন।
তিনি জানান, শনিবার (৬ জুন) বিকাল পৌনে ৫টায় হোটেল সোনারগাঁওয়ের বহির্গমন গেট দিয়ে দুটি গাড়ি মূল সড়কে প্রবেশের চেষ্টা করে। এ সময় সোনারগাঁও সিগন্যালের উত্তর পাশের যানবাহন চলাচলের সিগন্যাল চালু থাকায় দায়িত্বরত ট্রাফিক কনস্টেবল মো. শামীম মিয়া গাড়ি দুটিকে পেছনে যেতে বলেন। কিন্তু গাড়িগুলো ট্রাফিক সিগন্যাল অমান্য করে জোরপূর্বক সামনে এগোতে থাকে এবং গাড়ি থেকে ৪-৫ জন লোক নেমে দায়িত্বরত পুলিশ সদস্যকে জানায়, গাড়িতে ভিআইপি আছে, পেছানো যাবে না।
এ সময় শামীম মিয়া আইনি ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে গাড়িটির নেমপ্লেটের ভিডিও ধারণ করতে গেলে গাড়ি থেকে ভিআইপি পরিচয় দেওয়া নারী আফিয়া কনক নেমে এসে পুলিশ সদস্যের মোবাইল ফোন ছিনিয়ে নেন এবং রাস্তায় ছুড়ে মেরে ভেঙে ফেলেন। একই সাথে দায়িত্বরত পুলিশ সদস্যকে মারধরও করেন তারা।
এন এম নাসিরুদ্দিন আরো বলেন, ঘটনাস্থল থেকে গাড়িটি আটক করা সম্ভব না হলেও, ঘটনার সাথে জড়িত অতিথি গ্রুপের দুই সিকিউরিটি কর্মী রাজু আহমেদ ও শামসুজ্জামানকে আটক করে হাতিরঝিল থানায় সোপর্দ করা হয়। পরে আফিয়া কনকসহ তিনজনকে তেজগাঁও বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে ম্যাজিস্ট্রেট শুনানি ও সাক্ষ্যপ্রমাণ শেষে সড়ক পরিবহন আইনের ধারা অনুযায়ী আফিয়া কনককে ১০ হাজার টাকা ও রাজুকে ৫ হাজার টাকা জরিমানা করেন।
এছাড়া ঘটনার সাথে জড়িত শামসুজ্জামানকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
