দেশে হাম ও হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৬২৮
দেশে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (৮ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। সেই সঙ্গে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে আরও একটি শিশুর মৃত্যু হয়েছে।
বলা হয়েছে, একই সময়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৯২ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৯৩ জনের শরীরে পরীক্ষাগারে হাম সংক্রমণ নিশ্চিত করা হয়েছে। চলতি বছরে দেশে এখন পর্যন্ত নিশ্চিত হাম সংক্রমণে অন্তত ৯২ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে আরও ৫৩৬ শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ৮ জুন পর্যন্ত পরীক্ষাগারে মোট ৯ হাজার ৭৭৯টি হামের সংক্রমণ শনাক্ত হয়েছে।
সর্বশেষ স্বাস্থ্য বুলেটিন অনুযায়ী, সারা দেশে মোট ৮০ হাজার ১০৪টি সন্দেহভাজন হামের রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে চিকিৎসা নিয়ে ইতোমধ্যে ৬১ হাজার ২৭৯ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
