শোকজের জবাব দিতে ৪৮ ঘণ্টা সময় পেলো আদ্-দ্বীন হাসপাতাল
স্বাস্থ্য অধিদপ্তরের শোকজ নোটিশের জবাব দিতে ৪৮ ঘণ্টা বেশি সময় পেয়েছে আদ্-দ্বীন হাসপাতাল। আগামী ৯ জুন বিকেল ৫ টার মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের নোটিশের জবাব দিতে হবে প্রতিষ্ঠানটিকে।
রবিবার (৭ জুন) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসানের সই করা এক নোটিশে এ তথ্য জানানো হয়।
স্মারকে উল্লেখ করা হয়, প্রাপকের আবেদন বিবেচনায় সময় বৃদ্ধি করা হলেও এ পর্যায়ে কারণ দর্শানোর নোটিশের জবাব দেওয়ার ক্ষেত্রে ব্যক্তিগত শুনানি গ্রহণের কোনো আইনগত সুযোগ নেই।
এর আগে, গত ২৭ মে আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু হয়। এরপর ৪ জুন এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেয় স্বাস্থ্য অধিদপ্তর।
'দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ'-এর বিধান লঙ্ঘন করায় কেন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হবে না তা জানতে চেয়ে এই নোটিশ দেওয়া হয়।
নোটিশ জারির ৭২ ঘণ্টার মধ্যে ৭ জুন বিকেল ৪টার মধ্যে হাসপাতালটির মালিক ডা. শেখ মহিউদ্দিনকে এই নোটিশের জবাব দিতে বলা হয়েছিল।
তবে আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আরও ৪৮ ঘণ্টা বাড়িয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
