জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (৩০ মে) রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে এবং পরে বিএনপি চেয়ারম্যান হিসেবে দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে তিনি শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় তার সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, সালাহউদ্দিন আহমদ এবং অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
সকাল ১১টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান সমাধিস্থলে পৌঁছালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে স্বাগত জানান।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—বিএনপি নেতা রুহুল কবির রিজভী, আবদুস সালাম, সরদার মো. সাখাওয়াত হোসেন, আমিনুল হকসহ অনেকে।
শ্রদ্ধা নিবেদনের পর বিএনপি চেয়ারম্যান ও জ্যেষ্ঠ নেতারা দলের প্রতিষ্ঠাতার স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করেন।
এরপর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মোনাজাতে অংশ নেন তারেক রহমান।
পরে তিনি জাতীয়তাবাদী ওলামা দলের আয়োজনে একটি দোয়া মাহফিল ও মোনাজাতেও অংশ নেন।
দিনটি উপলক্ষে জিয়া উদ্যানের চারপাশে বিএনপির বিপুলসংখ্যক নেতা-কর্মী জড়ো হয়েছিলেন। সারা দেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করছে বিএনপি এবং এর সহযোগী সংগঠনগুলো।
১৯৭৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেছিলেন জিয়াউর রহমান। ১৯৮১ সালের ৩০ মে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনকালে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনাকর্মকর্তার হাতে তিনি নিহত হন। বিএনপি এই দিনটিকে তার শাহাদাতবার্ষিকী হিসেবে পালন করে।
দিবসটি উপলক্ষে দলটির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় এবং গুলশানে চেয়ারম্যানের কার্যালয়সহ সারা দেশের কার্যালয়গুলোতে দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং কালো পতাকা উত্তোলন করা হয়।
প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি, জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল, মুক্তিযোদ্ধা দল, শ্রমিক দল, কৃষক দল, মহিলা দল, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ, ওলামা দল এবং ছাত্রদলের নেতা-কর্মীরাও জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান।
দিবসটি উপলক্ষে গত ২৫ মে থেকে আট দিনব্যাপী কর্মসূচি পালন করছে বিএনপি। এর অংশ হিসেবে রোববার বিকেলে রমনার ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে একটি আলোচনাসভার আয়োজন করা হয়েছে।
শ্রদ্ধা নিবেদনের পর মানিক মিয়া অ্যাভিনিউয়ের রাজধানী উচ্চ বিদ্যালয়ের সামনে গরিব ও দুস্থদের মধ্যে বস্ত্র এবং খাদ্যসামগ্রী বিতরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, শনিবার দিনভর ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ১৬টি স্থানে খাবার ও বস্ত্র বিতরণ কর্মসূচিতে অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান।
