দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই মার্কিন চুক্তির বিষয়ে পদক্ষেপ নেবে সরকার: খালেদ হোসেন
যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের করা চুক্তিগুলো পর্যালোচনা করছে বর্তমান সরকার। দেশের সার্বভৌমত্ব ও অধিকার অক্ষুণ্ন রেখেই এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব শ্যামল।
আজ বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা ঈদগাহ মাঠে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের এই সংসদ সদস্য বলেন, 'তারা যেসব চুক্তি করেছে, সেটা দেশবাসী বা আমরা কেউই জানতাম না। তারা কী কারণে বা কোন পরিপ্রেক্ষিতে এসব করেছে, তা তারাই ভালো বলতে পারবে।'
বর্তমান সরকারের অবস্থান তুলে ধরে তিনি বলেন, 'আমরা ইতিমধ্যে একটি চুক্তির নথি হাতে পেয়েছি এবং সেটি নিয়ে কাজ করছি। দেশের সার্বভৌমত্ব ও অধিকার অক্ষুণ্ন রেখে আমরা যথাসম্ভব চুক্তিগুলো পর্যালোচনা করব এবং পরবর্তী পদক্ষেপ নেব।'
আজ সকাল ৮টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন শহরের আনন্দবাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আবু বক্কর সিদ্দিক।
এই জামাতে সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব ছাড়াও জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোবারক হোসাইনসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এদিন জেলা ঈদগাহ মাঠ ছাড়াও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন ঈদগাহ ও মসজিদে প্রায় ১ হাজার ২০০টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
