Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 02, 2026
সমন্বিত অভিযানে সুন্দরবনে বেড়েছে বাঘ, হরিণসহ বিভিন্ন বন্যপ্রাণী: বন বিভাগ

বাংলাদেশ

আলী আকবর টুটুল
11 May, 2026, 12:10 pm
Last modified: 11 May, 2026, 12:12 pm

Related News

  • জীববৈচিত্র্য রক্ষায় আগামীকাল থেকে ৩ মাসের জন্য বন্ধ হচ্ছে সুন্দরবনে প্রবেশ
  • সুন্দরবনে ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’, অস্ত্র-গোলাবারুদসহ আটক ৩
  • বাগেরহাটে ধানক্ষেত থেকে উদ্ধার ১৩ ফুট লম্বা অজগর, সুন্দরবনে অবমুক্ত
  • সুস্থ হয়ে উঠছে সুন্দরবনে ফাঁদে আটকা পড়া সেই বাঘটি, ফিরেছে ক্ষিপ্রতা
  • মোংলার লোকালয় থেকে উদ্ধার মায়া হরিণ সুন্দরবনে অবমুক্ত, অনুসন্ধানে বনবিভাগ

সমন্বিত অভিযানে সুন্দরবনে বেড়েছে বাঘ, হরিণসহ বিভিন্ন বন্যপ্রাণী: বন বিভাগ

বিষ প্রয়োগে মাছ শিকার ও হরিণ শিকার কমে আসা, অভয়ারণ্যে অবৈধ মাছ আহরণ বন্ধ এবং টহল জোরদারের ফলে বনে প্রাণ-প্রকৃতি ফিরতে শুরু করেছে বলে দাবি সংশ্লিষ্টদের।
আলী আকবর টুটুল
11 May, 2026, 12:10 pm
Last modified: 11 May, 2026, 12:12 pm
ফাইল ছবি: ডেভিড রাজু/ উইকিমিডিয়া কমনস/ ভায়া স্ক্রল ডটইন

সমন্বিত অভিযানের ফলে গত এক বছরে পূর্ব সুন্দরবনে বাঘ, হরিণ ও পাখিসহ বিভিন্ন বন্যপ্রাণীর উপস্থিতি বেড়েছে বলে জানিয়েছে বন বিভাগ। 

বিষ প্রয়োগে মাছ শিকার ও হরিণ শিকার কমে আসা, অভয়ারণ্যে অবৈধ মাছ আহরণ বন্ধ এবং টহল জোরদারের ফলে বনে প্রাণ-প্রকৃতি ফিরতে শুরু করেছে বলে দাবি সংশ্লিষ্টদের।

তবে সম্প্রতি বনদস্যুদের তৎপরতা, সীমিত জনবল ও ভৌগোলিক জটিলতা এখনো সুন্দরবন রক্ষায় বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী জানান, ২০২৫ সালের মে থেকে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত সময়ে বন্যপ্রাণী অপরাধ দমনে নজিরবিহীন অভিযান পরিচালনা করা হয়েছে।

এ সময় প্রায় ১ লাখ ১৪ হাজার ৫৫৩ ফুট দীর্ঘ হরিণ শিকারের প্রাণঘাতী মালা ফাঁদ উদ্ধার করা হয়, যা প্রায় ৩৫ কিলোমিটারের সমান। পাশাপাশি ৮১৩টি সিটকা ফাঁদ ও ২ হাজার ২৯৪টি হাঁটা ফাঁদ অপসারণ করা হয়েছে।

বন বিভাগের তথ্যমতে, এসব ফাঁদ উদ্ধার না করা গেলে কয়েক হাজার হরিণ, বন্য শুকর, বানর এমনকি বাঘও শিকার হতে পারত। ফাঁদ পাতার সঙ্গে জড়িত ৭০ জন চোরা শিকারিকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।

তাদের দাবি, ধারাবাহিক অভিযানের ফলে হরিণ শিকার কমেছে এবং অবৈধ বাজারে হরিণের মাংসের সরবরাহও হ্রাস পেয়েছে।

বন বিভাগের তথ্য অনুযায়ী, গত বছরের তুলনায় চলতি বছর উদ্ধার হওয়া হরিণের মাংসের পরিমাণ ৭৫০ কেজি থেকে কমে ২৫০ কেজিতে নেমে এসেছে। বনে পেতে রাখা বিপুল পরিমাণ ফাঁদ উদ্ধার ও ধ্বংস করায় হরিণ শিকার উল্লেখযোগ্যভাবে কমেছে।

পূর্ব সুন্দরবনে চোরাশিকার দমনে ফুট প্যাট্রোলিং, স্মার্ট নজরদারি ও ড্রোন ব্যবহারের কার্যক্রমও জোরদার করা হয়েছে।

গত এক বছরে সুন্দরবনে ৪৭৪টি অভিযানে ২৪১টি মামলায় ৩৭৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আরও ৩৯৬ জনের বিরুদ্ধে বন আইনে মামলা করা হয়েছে।

এ সময় ৪৪৮টি নৌকা ও ট্রলার, ৮ হাজার ৩৮১টি অবৈধ কাঁকড়া ধরার যন্ত্র, ৩০০ ফুট জাল, ৭২৪ কেজি বিষ দিয়ে ধরা মাছ, ১ হাজার ৬৬ কেজি কাঁকড়া এবং ২৫০ কেজি হরিণের মাংস জব্দ করা হয়েছে।

বন বিভাগের তথ্যমতে, অবৈধ বাজারে সরবরাহ কমে যাওয়ায় হরিণের মাংসের দাম কেজিপ্রতি ৫০০ টাকা থেকে বেড়ে ১ হাজার ৫০০ টাকায় উঠেছে।

স্থানীয়দের দাবি, এখন আগের মতো সহজে হরিণের মাংস বা বিষ দিয়ে ধরা মাছ পাওয়া যায় না।

স্থানীয় জেলে আসাদ মুন্সি, বারেক হাওলাদারসহ বনসংলগ্ন এলাকার জেলে ও মৌয়ালরা জানান, তারা ১৪-১৫ বছর ধরে সুন্দরবনে যাতায়াত করছেন। বর্তমানে মাছ ধরা ও মধু সংগ্রহে গিয়ে প্রায়ই বাঘের পায়ের ছাপ দেখতে পান, কখনো কখনো বাঘের ডাকও শোনেন।

তাদের ভাষ্য, আগের তুলনায় এখন বেশি হরিণ ও বন্য শুকর দেখা যায়। নদী সাঁতরে বাঘের চলাচল এবং কুমিরের উপস্থিতিও বেড়েছে।

তারা আরও জানান, নদী ও খালের চর এবং বনাঞ্চলে খয়েরিপাখা মাছরাঙা, বামুনি মাছরাঙা, লাল মাছরাঙা, সিঁদুরে মৌটুসী, মদনটাক, শঙ্খচিল, ধলাপেট সিন্ধু ঈগল ও কালোমুখ প্যারা পাখিসহ নানা প্রজাতির পাখির আনাগোনা বেড়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, হরিণ সুন্দরবনের প্রধান তৃণভোজী প্রাণী এবং রয়েল বেঙ্গল টাইগারের অন্যতম প্রধান খাদ্য। হরিণের সংখ্যা ও নিরাপদ বিচরণ বাড়লে বাঘের উপস্থিতিও স্বাভাবিকভাবে বৃদ্ধি পায়।

তাদের মতে, বন্যপ্রাণী শিকার কমে যাওয়া, বিষ দিয়ে মাছ ধরা নিয়ন্ত্রণ এবং অভয়ারণ্যে অবৈধ প্রবেশ কমে যাওয়ায় পাখি ও অন্যান্য প্রাণীর জন্য অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।

বন বিভাগ দাবি করেছে, গত এক বছরে কটকা, কচিখালী, কোকিলমনি ও টিয়ারচরসহ অভয়ারণ্য এলাকায় অবৈধ মাছ ও কাঁকড়া আহরণ প্রায় শূন্যের কোটায় নেমে এসেছে।

এ সময় অবৈধ প্রবেশ ও বিষ দিয়ে মাছ শিকারের দায়ে ৩০০ জেলেকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে। ডলফিন অভয়ারণ্যে ফাঁস জাল অপসারণ, প্লাস্টিকমুক্ত পর্যটনকেন্দ্র গড়ে তোলা এবং আগুনপ্রবণ ধানসাগর, কলমতেজী, নাংলী, আমুরবুনিয়া ও দাশের ভাড়ানী এলাকায় ড্রোন নজরদারি বাড়ানো হয়েছে।

বন বিভাগের দাবি, প্রচার-প্রচারণা ও সচেতনতা কার্যক্রমের ফলে বনসংলগ্ন মানুষের আচরণেও পরিবর্তন এসেছে।

গত এক বছরে শরণখোলায় বন থেকে লোকালয়ে চলে আসা তিনটি চিত্রা হরিণ, একটি বাঘ ও ৩৭টি অজগর সাপ স্থানীয়রা হত্যা না করে বন বিভাগের সহায়তায় বনে ফিরিয়ে দিয়েছে।

তবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বর্তমানে সুন্দরবনের ভেতরে কয়েকটি সংঘবদ্ধ দস্যু দলের তৎপরতা রয়েছে, যা বননির্ভর জেলে ও মৌয়ালদের নিরাপত্তায় নতুন উদ্বেগ তৈরি করেছে।

এছাড়া সুন্দরবনের বিশাল আয়তন, সীমিত জনবল এবং লোকালয়ের সঙ্গে যুক্ত অনেক নদী-খালের নাব্যতা কমে যাওয়ায় অপরাধীদের বনাঞ্চলে প্রবেশ তুলনামূলক সহজ হয়ে পড়েছে।

ডিএফও মো. রেজাউল করিম চৌধুরী বলেন, "বন ভালো থাকলে বন্যপ্রাণী ভালো থাকবে। আর বন রক্ষায় স্থানীয় মানুষের সম্পৃক্ততা সবচেয়ে গুরুত্বপূর্ণ।"

তিনি বলেন, "বনের খাদ্যশৃঙ্খলের শীর্ষে থাকা বাঘ রক্ষা পেলে সুন্দরবনের পুরো ইকোসিস্টেমই সুরক্ষিত থাকবে।"

বন বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জরিপে সুন্দরবনে বাঘের সংখ্যা ছিল ১২৫টি। বর্তমান সংরক্ষণ কার্যক্রম অব্যাহত থাকলে আগামী জরিপে এ সংখ্যা আরও এক-চতুর্থাংশ বাড়তে পারে বলে আশা করছে বিভাগটি।

ইনস্টিটিউট ফর ইন্টিগ্রেটেড স্টাডিজ অন দ্য সুন্দরবনস অ্যান্ড কোস্টাল ইকোসিস্টেমসের (আইআইএসএসসিইএস) পরিচালক ড. মোহাম্মদ রায়হান আলী বলেন, "বাস্তুতন্ত্রের সব উপাদান একে অপরের ওপর নির্ভরশীল। পূর্ব সুন্দরবন বন বিভাগের উপাত্ত ইকোসিস্টেমে ইতিবাচক পরিবর্তনের যৌক্তিক ইঙ্গিত হতে পারে।"

তিনি বলেন, বন বিভাগ যেহেতু মূল ব্যবস্থাপনা সংস্থা, তাই তাদের কার্যক্রমের ইতিবাচক প্রভাব পড়া স্বাভাবিক।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, সুন্দরবন সুরক্ষায় সব ধরনের ব্যবস্থা নিতে মন্ত্রণালয় প্রস্তুত রয়েছে।

তিনি বলেন, "বনে দস্যুদমনে যৌথবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। দেশের এই সম্পদ রক্ষায় সবার সহযোগিতা প্রয়োজন।"
 

Related Topics

টপ নিউজ

সুন্দরবন / সুন্দরবনে বাঘ / বন্যপ্রাণী / বাঘের সংখ্যা বৃদ্ধি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ
  • যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
    দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার
  • ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
    এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা
  • ছবি: এনডিটিভি
    ১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া
  • ২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
    ‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

Related News

  • জীববৈচিত্র্য রক্ষায় আগামীকাল থেকে ৩ মাসের জন্য বন্ধ হচ্ছে সুন্দরবনে প্রবেশ
  • সুন্দরবনে ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’, অস্ত্র-গোলাবারুদসহ আটক ৩
  • বাগেরহাটে ধানক্ষেত থেকে উদ্ধার ১৩ ফুট লম্বা অজগর, সুন্দরবনে অবমুক্ত
  • সুস্থ হয়ে উঠছে সুন্দরবনে ফাঁদে আটকা পড়া সেই বাঘটি, ফিরেছে ক্ষিপ্রতা
  • মোংলার লোকালয় থেকে উদ্ধার মায়া হরিণ সুন্দরবনে অবমুক্ত, অনুসন্ধানে বনবিভাগ

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে

2
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ

3
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার

4
ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা

5
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া

6
২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
আন্তর্জাতিক

‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net