ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের নিজ কোর্ট ছাড়া অন্য কোর্টে প্রবেশ না করার নির্দেশ
হাইকোর্টের এজলাসে প্রভাব বিস্তারের অভিযোগে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের নিজ কোর্ট ছাড়া অন্য কোর্টে প্রবেশ না করার নির্দেশ দিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
বুধবার (৬ মে) অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।
অ্যাটর্নি জেনারেল অফিসের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিনের সই করা এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অ্যাটর্নি জেনারেলের গোচরীভূত হয়েছে যে বিভিন্ন আদালতে কর্তব্যরত কিছু ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং সহকারী অ্যাটর্নি জেনারেলরা নিজ নিজ আদালত ছেড়ে অন্য আদালতে কোর্ট চলাকালীন সময়ে উপস্থিত হয়ে অপরাপর বিভিন্ন মামলায় প্রভাব বিস্তার করার চেষ্টা করেন।
আরও বলা হয়েছে, এই অবস্থায় বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সবাইকে আদালত চলাকালীন সময়ে নিজ নিজ আদালত ব্যতীত অন্য কোনো আদালতে না যেতে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।
