১ মামলায় দীপু মনির জামিন; বাকি ৬ মামলায় কেন নয় জানতে চেয়ে রুল হাইকোর্টের
জুলাই অভ্যুত্থানের সময় হত্যা ও হত্যা চেষ্টার অভিযোগে দায়ের করা সাতটি মামলার মধ্যে একটি মামলায় সাবেক মন্ত্রী এবং বর্তমানে নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনিকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
একই সঙ্গে অন্য ছয় মামলায় তাকে কেন জামিন দেওয়া হবে না? তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
আজ (৩ জুন) বিচারপতি মো. খায়রুল আলম এবং বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
ডা. দীপু মনি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং দলটির টানা ১৫ বছরের শাসনামলে একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রিপদে ছিলেন।
তিনি পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং সমাজকল্যাণমন্ত্রীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৯ আগস্ট রাতে ঢাকার বারিধারা এলাকা থেকে পুলিশ দীপু মনিকে গ্রেপ্তার করে।
তার বিরুদ্ধে বর্তমানে ৩৮টিরও বেশি মামলা রয়েছে।
এসব মামলার মধ্যে হত্যা, মানবতাবিরোধী অপরাধ, দুর্নীতি এবং সহিংসতায় উসকানির অভিযোগও অন্তর্ভুক্ত রয়েছে।
