ডেমরায় কালি তৈরির কারখানার আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর ডেমরায় একটি কালি তৈরির কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা ১১টা ৩৮ মিনিটে ডেমরা আমুলিয়া মডেল টাউনে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ওয়্যারহাউজ ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম।
তিনি জানান, ডেমরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট প্রথমে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সহায়তায় সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের আরও দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরবর্তীতে আগুন নিয়ন্ত্রণে মোট ৮টি ইউনিট কাজ করে। এর মধ্যে ডেমরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট, সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের চারটি ইউনিট এবং খিলগাঁও ফায়ার স্টেশনের দুটি ইউনিট ছিল।
তিনি জানান, দুপুর ১টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।
