সাবেক এএসপি জিয়াউর রহমানের স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ
দুর্নীতির অভিযোগে সাবেক সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. জিয়াউর রহমানের স্ত্রী জেসমিন নাহার সঞ্চিতার যাবতীয় আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার (৩ মার্চ) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক এ কে এম মর্তুজা আলী সাগর আয়কর নথি জব্দের এই আবেদনটি করেন।
আবেদনে উল্লেখ করা হয়, আসামি জেসমিন নাহার সঞ্চিতার বিরুদ্ধে ৬৭ লাখ ৫৭ হাজার ১৬৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে নিজ ভোগদখলে রাখা এবং ২০ লাখ ৫১ হাজার ২১২ টাকার সম্পদের তথ্য গোপন করার অভিযোগে দুদক মামলাটি দায়ের করে।
আবেদনে আরও বলা হয়, আসামি একজন নিয়মিত আয়কর দাতা। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার আয়কর নথির শুরু থেকে ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত স্থায়ী অংশ ও বিবিধ অংশসহ সংশ্লিষ্ট যাবতীয় মূল রেকর্ডপত্র বা তথ্যাদি জব্দ করা একান্ত প্রয়োজন। শুনানি শেষে আদালত দুদকের আবেদন মঞ্জুর করে সংশ্লিষ্ট রেকর্ডপত্র জব্দের নির্দেশ দেন।
