নির্বাচন ঘিরে বাড়িমুখী মানুষ, লোকাল বাসে দ্বিগুণ-পাঁচগুণ ভাড়া আদায়ের অভিযোগ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে রাজধানী ছাড়তে শুরু করেছন নগরবাসী। এতে সড়কে যাত্রীদের চাপ বেড়েছে। এই সুযোগে রাজধানীর লোকাল বাসগুলোতে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
নারায়ণগঞ্জের সানইনবোর্ড থেকে আজ মঙ্গলবার মৌমিতা ট্রান্সপোর্টের একটি বাসে ঢাকার কল্যাণপুরে আসেন শাহরুল নামের এক ব্যক্তি। যেখানে স্বাভাবিক ভাড়া সর্বোচ্চ ৭০ টাকা, সেখানে তাকে গুনতে হয়েছে ৩০০ টাকা।
শুধু শাহরুলই নয়, ঢাকা থেকে স্বল্প দূরত্বের মধ্যে চলাচলকারী লোকাল বাসগুলোতে যাত্রীদের দ্বিগুণ থেকে পাঁচগুণ ভাড়া গুনতে হচ্ছে। একদিকে বাসের সংকট, অন্যদিকে বাড়তি ভাড়া আদায়ে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
শাহরুল দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'অনেকক্ষণ দাঁড়িয় থাকার পর বাসে ওঠার সুযোগ পাই। বাসে প্রত্যেক যাত্রীর কাছ থেকেই অতিরিক্ত ভাড়া নেওয়া হয়েছে। আমার মতো সবার কাছ থেকেই ৩০০ টাকা করে ভাড়া নিয়েছে। এটা তো জুলুম।'
ঠিকানা পরিবহনের একটি বাসের যাত্রী মো. ইকবাল টিবিএসকে বলেন, 'আজ বাসে সবার থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। শাহবাগ থেকে গাবতলী যেতে ৫০-৭০ টাকা করে ভাড়া নিচ্ছে, যেখানে স্বাভাবিক ভাড়া ২০-৩০ টাকা। বাধ্য হয়ে আমাদের অতিরিক্ত ভাড়া দিতে হচ্ছে।'
ঢাকা থেকে সিরাজগঞ্জে যাবেন ইলিয়াস। তিনি টিবিএসকে বলেন, 'অনলাইনে টিকিট কাটতে পারিনি। তাই মহাখালী যাচ্ছি। সেখান থেকে যে বাস পাবো, সেটাতেই উঠব। ভাড়া বেশি নিলেও কিছু করার নেই। কিন্তু শাহবাগ থেকে মহাখালী যেতেই বাস পাওয়া যাচ্ছে না।'
