বোর্ড থেকে সালমান এফ রহমানের বিদায়ের পর দিনের সর্বোচ্চ সীমায় পৌঁছাল বেক্সিমকো ও শাইনপুকুরের শেয়ার
বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানকে বাদ দিয়ে পরিচালনা পর্ষদ পুনর্গঠনের অনুমোদন পাওয়ার পর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গ্রুপটির দুই কোম্পানি—বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো) ও শাইনপুকুর সিরামিকস লিমিটেডের শেয়ারের দাম দিনের সর্বোচ্চ সীমায় (আপার সার্কিট লিমিট) পৌঁছেছে।
ডিএসইর লেনদেনের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দুপুর ১২টা ৪৩ মিনিট পর্যন্ত বেক্সিমকোর প্রতিটি শেয়ারের দর ৯ দশমিক ৭৬ শতাংশ বা ২ টাকা বেড়ে ২২ টাকা ৫০ পয়সায় পৌঁছায়। একইভাবে শাইনপুকুর সিরামিকসের শেয়ারদর ৯ দশমিক ৬৩ শতাংশ বা ২ টাকা ১০ পয়সা বেড়ে দাঁড়ায় ২৩ টাকা ৯০ পয়সায়।
একটি নির্দিষ্ট কার্যদিবসে শেয়ারদরের অনুমোদিত সর্বোচ্চ সীমায় পৌঁছানোর ফলে উভয় কোম্পানির শেয়ার লেনদেনে স্বয়ংক্রিয়ভাবে হল্ট কার্যকর হয়। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সাবেক ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানকে আনুষ্ঠানিকভাবে বাদ দিয়ে এই দুই প্রতিষ্ঠানের জন্য নতুন পর্ষদ অনুমোদন দেওয়ার খবর প্রকাশের পরই শেয়ারের দামে এই বড় ধরনের ঊর্ধ্বগতি দেখা দেয়।
এর আগে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের পর্ষদ থেকেও অপসারণ করা হয়েছিল সালমান এফ রহমানকে। নতুন এই অনুমোদনের মধ্য দিয়ে শেয়ারবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো গ্রুপের তিনটি কোম্পানি থেকেই তার অপসারণ প্রক্রিয়া সম্পন্ন হলো।
প্রতিষ্ঠানের পরিচালনগত অচলাবস্থা নিরসন, দীর্ঘদিনের আইনি ও নিয়ন্ত্রণমূলক জটিলতা সমাধান এবং কারখানাগুলোর কার্যক্রম পূর্ণাঙ্গভাবে পুনরায় চালু করার স্বার্থেই পর্ষদ পুনর্গঠনের জন্য নিয়ন্ত্রক সংস্থার কাছে আবেদন করেছিল বেক্সিমকো গ্রুপ।
