আহতদের চিকিৎসা, হতাহতদের পরিবারকে সহায়তা দিতে ফাউন্ডেশন গঠনের সিদ্ধান্ত
জুলাই-আগস্ট ২০২৪-এর ছাত্রদের নেতৃত্বে সংগঠিত বিপ্লবে অংশগ্রহণকারী আহত ও নিহতদের পরিবার, এবং আহতদের দেখাশোনার জন্য একটি ফাউন্ডেশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এই ফাউন্ডেশনের প্রধান হবেন। অন্তর্বর্তীকালীন সরকারের আরো কয়েকজন উপদেষ্টা, ছাত্রদের প্রতিনিধি ও হতাহতদের পরিবারের সদস্যদের এতে অন্তর্ভুক্ত করা হবে।
আজ মঙ্গলবার (২০ আগস্ট) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রধান উপদেষ্টা বলেন, স্বৈরাচারবিরোধী বিক্ষোভ করার সময় যেসব ছাত্রজনতা তাদের জীবন উৎসর্গ করেছেন, যারা গুরুতর আহত হয়েছেন, আমরা তাদের অবদান কখনোই ভুলতে পারি না। তাই তাদের পাশে থাকা আমার কর্তব্য, এটি আমাদের জাতীয় দায়িত্ব। তাই আহতদের সুচিকিৎসার পাশাপাশি নিহতদের পরিবারের সহায়তার জন্য যা কিছু করা দরকার– আমরা যত দ্রুত সম্ভব তা করব।
তিনি বলেন, তাদের চিকিৎসার পাশাপাশি পরিবারের দুর্দশা লাঘবে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবিষয়ে নিবেদিত সরকারি বিভাগ করে কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হবে।
ফাউন্ডেশনটির কার্যপদ্ধতি খুব শীঘ্রই ঘোষণা করা হবে। নাগরিক এবং প্রবাসী বাংলাদেশীদের এ ফাউন্ডেশনে অবদান রাখার আহ্বান জানিয়েছেন ড. ইউনূস।
