বাংলাদেশের অবস্থা অনেক ভালো: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বৈশ্বিক মহামারি করোনাভাইরাস শনাক্ত হওয়ার প্রথম ৪৫ দিনের হিসেবে বিশ্বের অনেক দেশের তুলনায় বাংলাদেশের অবস্থা ভালো। বৃহস্পতিবার দুপুরে করোনাভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে তিনি বিভিন্ন দেশের সঙ্গে তুলনা টেনে এ কথা বলেন।
মন্ত্রী বলেন, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে 'সারা বিশ্বে এ পর্যন্ত আনুমানিক মৃত্যু হয়েছে প্রায় ১ লক্ষ ৮০ হাজার। আক্রান্ত হয়েছে প্রায় ২৬ লক্ষেরও বেশি। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশে সিঙ্গাপুরেও অনেক আক্রান্ত হয়েছে, আপনারা জানেন। সেখানে আমাদের বাংলাদেশি ভাইয়েরাও অনেক সংখ্যায় আক্রান্ত হয়েছে।'
স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'আমি একটি তুলনামূলক চিত্র আপনাদের সামনে তুলে ধরতে চাই। প্রথম (শনাক্ত) থেকে ৪৫ দিনে যা আক্রান্ত হয়েছিল বিভিন্ন দেশে, সেই চিত্রটি আমরা তুলে ধরব। বাংলাদেশে ৩ হাজার ৭৭২ জন আক্রান্ত হয়েছিল, ১২০ জন মৃত্যুবরণ করেছিল। ইতালিতে একই সময়ে (প্রথম ৪৫ দিনে) আক্রান্ত হয়েছিল ১ লক্ষের বেশি। মৃত্যুবরণ করেছিল প্রায় ১১ হাজার। স্পেনে একই সময়ে আক্রান্ত হয়েছিল ১ লক্ষ এবং মৃত্যুবরণ করেছিল ১০ হাজার। আমেরিকাতে প্রথম ৪৫ দিনে আক্রান্ত হয়েছিল ১ লক্ষ ২০ হাজার এবং মৃত্যুবরণ করেছিল ২৪ হাজার।'
তিনি বলেন, 'এই তুলনা করলে আমরা দেখতে পাই, বাংলাদেশের প্রথম ৪৫ দিনের অবস্থান অনেক ভালো।'
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আরও বলেন, ইউরোপ, আমেরিকাসহ বিশ্বে প্রবাসী বাংলাদেশিদের মৃত্যুর সংখ্যা প্রায় ৩০০-এরও অধিক। আমরা তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।'
মন্ত্রী বলেন, 'যারা ভারত কিংবা সিঙ্গাপুর থেকে আসছেন, কিংবা আসবেন বিভিন্ন দেশ থেকে, তাদেরকে কোয়ারেন্টিনে থাকতে হবে। এ বিষয়টি নিয়ে কিছু রকমের চিন্তা-ভাবনা ছিল। তাই পরিষ্কার করে দিলাম, তাদেরকে দেশে আসলেই প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে।'
তিনি বলেন, 'বিভিন্ন স্থানে এবং গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, ভিআইপিদের জন্য আলাদা হাসপাতাল তৈরি করা হচ্ছে। এ বিষয়টি সঠিক নয়। সরকার এ রকম কোনো ধরনের ব্যবস্থা করে নাই। সকলের জন্য একই হাসপাতাল এবং একই চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আমি আরও আহ্বান করব, কেউ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো ধরনের বিবৃতি দেবেন না।'
করোনাভাইরাস মোকাবেলায় নতুন করে ২ হাজার চিকিৎসক ও ৬ হাজার নার্স নিয়োগ দেওয়া হবে বলেও ব্রিফিংয়ে জানান স্বাস্থ্যমন্ত্রী।
এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৭ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা ১২৭ জনে দাঁড়ালো। এছাড়া নতুন ৪১৪ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ৪ হাজার ১৮৬ জনের শরীরে শনাক্ত হলো প্রাণঘাতি এই ভাইরাস। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১৬ জন। এ নিয়ে মোট ১০৮ জন করোনাভাইরাস থেকে আরোগ্য লাভ করলেন।
