করোনায় আরও ৩৪ জনের মৃত্যু, শনাক্ত ১৯৩৭
মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে ৩৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে পুরুষ ২৪ জন এবং নারী ১০ জন। এ নিয়ে মৃতের সংখ্যা তিন হাজার ৯৪১ জনে পৌঁছাল।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৯৩৭ জনের শরীরে শনাক্ত হয়েছে ভাইরাসটি। এ নিয়ে ২ লাখ ৯৪ হাজার ৫৯৮ জনের শরীরে শনাক্ত হলো কোভিড-১৯।
রোববার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস রিলিজে এ তথ্য জানানো হয়েছে।
সেখানে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের ৯১টি ল্যাবে ১০ হাজার ৮০১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৪ লাখ ৪২ হাজার ৬৫৬টি।
এদিকে, গত ২৪ ঘণ্টায় আরও ৩ হাজার ৫২৪ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট ১ লাখ ৭৯ হাজার ৯১ জন সেরে উঠলেন প্রাণঘাতি এই ভাইরাস থেকে।
মোট নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২০ দশমিক ৪২ শতাংশ। আর শনাক্ত রোগীর সংখ্যা বিবেচনায় সুস্থতার হার ৬০ দশমিক ৭৯ শতাংশ, মৃতের হার ১ দশমিক ৩৪ শতাংশ।
দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ।
করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য একটি বিশেষ ওয়েবসাইট (www.corona.gov.bd) চালু রেখেছে সরকার।
