করোনায় আরও ৩৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১,৩৯৬
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৩ জন মারা গেছেন। তাদের মধ্যে ২৫ জন পুরুষ ও ৮ জন নারী।
এ নিয়ে মৃতের সংখ্যা ৫ হাজার ৩০৫ জনে দাঁড়াল। এদের মধ্যে পুরুষ ৪ হাজার ১০৪ এবং নারী ১ হাজার ২০১ জন।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
সেখানে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১ হাজার ৩৯৬ জনের শরীরে শনাক্ত হয়েছে ভাইরাসটি। এ নিয়ে দেশে করোনাভাইরাস শনাক্ত হলো ৩ লাখ ৬৬ হাজার ৩৮৩ জনের শরীরে।
গত ২৪ ঘণ্টায় দেশের ১০৯টি ল্যাবে ১১ হাজার ১৭৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৯ লাখ ৭০ হাজার ২৫১টি।
এদিকে, গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৫৪৯ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট ২ লাখ ৭৮ হাজার ৬২৭ জন সেরে উঠলেন প্রাণঘাতি এই ভাইরাস থেকে।
মোট নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৮ দশমিক ৬০ শতাংশ। আর শনাক্ত রোগীর সংখ্যা বিবেচনায় সুস্থতার হার ৭৬ দশমিক ০৫ শতাংশ এবং মৃতের হার ১ দশমিক ৪৫ শতাংশ।
দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ।
করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য একটি বিশেষ ওয়েবসাইট (www.corona.gov.bd) চালু রেখেছে সরকার।
এক নজরে বাংলাদেশের করোনাচিত্র:
- মোট শনাক্ত: ৩ লাখ ৬৬ হাজার ৩৮৩ জন।
- মারা গেছেন: ৫ হাজার ৩০৫ জন।
- মোট সুস্থ: ২ লাখ ৭৮ হাজার ৬২৭ জন।
- মোট নমুনা পরীক্ষা: ১৯ লাখ ৭০ হাজার ২৫১টি।
