করোনাভাইরাস: একদিনে ৩১ জনের মৃত্যু, শনাক্ত ১৬৬৬
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬ হাজার ৮৩৮।
এছাড়া কোভিড-১৯ শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৬৬৬ জনের শরীরে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা ৪ লাখ ৭৭ হাজার ৫৪৫।
রোববার দুপুরে করোনাভাইরাসের বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সেখানে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের ১৩৭টি ল্যাবে ১৩ হাজার ২১৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ২৮ লাখ ৬৩ হাজার ১৬৯টি।
এদিকে, গত ২৪ ঘণ্টায় আরও ২ হাজার ৫৫২ জন সুস্থ হয়েছেন।
মোট নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৬৮ শতাংশ। আর শনাক্ত রোগীর সংখ্যা বিবেচনায় সুস্থতার হার ৮২ দশমিক ৯২ শতাংশ, মৃতের হার ১ দশমিক ৪৩ শতাংশ।
দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ।
করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য একটি বিশেষ ওয়েবসাইট (www.corona.gov.bd) চালু রেখেছে সরকার।
