জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ
প্রথম ইনিংসে বাংলাদেশের নেওয়া লিড পাড়ি দিতেই ৮ উইকেট হারিয়ে বসেছে পাকিস্তান। সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজদের দারুণ বোলিংয়ের সামনে দিক হারিয়ে বসা দলটি এখন লিড বড় করার চেষ্টায়। কিন্তু এই পথে তাদের লড়াই করার রসদ নেই বললেই চলে। বাকি থাকা দুই উইকেটের মধ্যে পাকিস্তানের ভরসা কেবল আগের ইনিংসের সেঞ্চুরিয়ান মোহাম্মদ রিজওয়ান।
রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ৪৮ ওভার শেষে ৮ উইকেটে পাকিস্তানের সংগ্রহ ১৩৭ রান। স্বাগতিকরা লিড নিয়েছে ২০ রানের। খুররাম শাহজাদকে সঙ্গে নিয়ে লড়াই চালিয়ে যাওয়া রিজওয়ান ৪৭ রানে ব্যাটিং করছেন। পঞ্চম দিনের ৬০ ওভারের খেলা বাকি আছে।
প্রথম ইনিংসে ৬ উইকেটে ৪৪৮ রান তুলে ইনিংস ঘোষণা করে পাকিস্তান। জবাবে বাংলাদেশ ৫৬৫ রান তুলে ১১৭ রানের লিড নেয়। এই লিড নেওয়া রানই বাংলাদেশকে চালকের আসনে বসিয়েছে।
এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে লড়াইয়ে নামা বাংলাদেশের বোলাররা দাপট দেখাতে শুরু করেন, কিছুক্ষণ পরপরই মাতেন উইকেট উদযাপনে। বিশেষ করে সাকিব ও মিরাজের বোলিং তোপে দিশাহারা হয়ে ওঠে পাকিস্তান। তাদের যাওয়া ৮ উইকেটের ৩টি নিয়েছেন সাকিব, মিরাজের শিকার ২ উইকেট।
বাংলাদেশের বাকি বোলাররাও নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপ বাড়িয়েছেন প্রতিপক্ষ শিবিরে। তিন পেসার শরিফুল ইসলাম, হাসান মাহমুদ ও নাহিদ রানা এখন পর্যন্ত একটি করে উইকেট নিয়েছেন। দলকে একাই পথ দেখিয়ে যাওয়া রিজওয়ানের করা রানই তাদের ইনিংসের সর্বোচ্চ। এ ছাড়া ওপেনার আবদুল্লাহ শফিক ৩৭, অধিনায়ক শান মাসুদ ১৪ ও বাবর আজম ২২ রান করেন। দলটির হয়ে ব্যাটিং করা আর কেউ দুই অঙ্কের রান করতে পারেননি।
