বাংলাদেশের নিউজিল্যান্ড সফরের সূচি ঘোষণা
২০২৩-২৪ মৌসুমের ঘরোয়া ক্রিকেটের সূচি ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। বাংলাদেশ সিরিজ দিয়ে শুরু হবে ঘরের মাঠে কিউইদের ক্রিকেটের নতুন মৌসুম।
এ বছরের ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে সীমিত ওভারের ক্রিকেট খেলবে বাংলাদেশ। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল।
১৭ ডিসেম্বর ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ওয়ানডের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৭ ডিসেম্বর। চার ভেন্যুতে বাংলাদেশ-নিউজিল্যান্ড এই ছয় ম্যাচ খেলবে।
২০২১ থেকে এখন পর্যন্ত তিনবার নিউজিল্যান্ড সফর করেছে বাংলাদেশ ক্রিকেট দল। তিন সংস্করণ মিলে খেলেছে ১২ ম্যাচ। নিউজিল্যান্ডের বিপক্ষে এই ১২ ম্যাচের মধ্যে ২০২২ সালে মাউন্ট মঙ্গানুইতে ঐতিহাসিক টেস্ট ম্যাচই শুধু বাংলাদেশ জিতেছে।
২০২১ সালে ছয় ম্যাচের সীমিত ওভারের ক্রিকেট সিরিজ (তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি সিরিজ), ২০২২-এর ক্রাইস্টচার্চ টেস্ট, ত্রিদেশীয় সিরিজে (বাংলাদেশ-নিউজিল্যান্ড-পাকিস্তান) সবগুলো ম্যাচ হেরেছে বাংলাদেশ।
নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের ম্যাচের সূচি:
প্রথম ওয়ানডে; ভেন্যু: ডানেডিন; ১৭ ডিসেম্বর
দ্বিতীয় ওয়ানডে; ভেন্যু: নেলসন; ২০ ডিসেম্বর
তৃতীয় ওয়ানডে; ভেন্যু: নেপিয়ার; ২৩ ডিসেম্বর
প্রথম টি-টোয়েন্টি; ভেন্যু: নেপিয়ার; ২৭ ডিসেম্বর
দ্বিতীয় টি-টোয়েন্টি; ভেন্যু: মাউন্ট মঙ্গানুই; ২৯ ডিসেম্বর
তৃতীয় টি-টোয়েন্টি; ভেন্যু: মাউন্ট মঙ্গানুই; ৩১ ডিসেম্বর
