ফিনল্যান্ডের চমক, রোনালদোদের গোল উৎসব
আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে বুধবার রাতে মাঠে নেমেছিল বেশ কয়েকটি দল। এসব ম্যাচের মধ্যে সবচেয়ে বড় চমক দেখিয়েছে ফিনল্যান্ড। বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে হতাশায় ডুবিয়েছে দলটি। আরেক ম্যাচে অ্যানডোরার বিপক্ষে গোল উৎসব করেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দেশ পর্তুগাল। গোল উৎসব করেছে ইতালিও। কষ্টের জয় পেয়েছে জার্মানি।
বুধবার স্টেড ডি ফ্রান্স স্টেডিয়ামে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়েছে ফিনল্যান্ড। যদিও ম্যাচে বলের দখলের লড়াইয়ে অনেক এগিয়ে ছিল ফরাসিরা। কিন্তু কাজের কাজ করেছে ফিনল্যান্ডই। দলটির হয়ে একটি করে গোল করেন মার্কাস ফর্স ও অনি ভালাকারি। ফ্রান্সের বিপক্ষে এটাই ফিনল্যান্ডের প্রথম জয়।
অ্যানডোরাকে গোলবন্যায় ভাসিয়েছে পুর্তগাল। দলটিকে ৭-০ গোলে হারিয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দেশ। ম্যাচের অষ্টম মিনিটেই গোল করা পর্তুগাল পুরো ম্যাচে গোল উৎসব করে গেছে। একটি করে গোল করেছেন পেদ্রো নেতো, পলিনহো, রেনাতো সানচেস, ক্রিশ্চিয়ানো রোনালদো ও জোয়াও ফেলিক্স। বাকি গোলটি অ্যানডোরার এমিলি গার্সিয়ার ভুলে বোনাস হিসেবে পায় পর্তুগাল।
আরেক ম্যাচে এস্তোনিয়াকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে ইতালি। দুটি গোল পেনাল্টি থেকে পায় চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। দলের হয়ে দুটি গোল করেন ভিনসেনজো গ্রিফো। এ ছাড়া একটি করে গোল করেন ফেদেরিকো বার্নাডেসি ও রিকার্দো অর্সোলনি।
কষ্টের জয় পেয়েছে জার্মানি। চেক প্রজাতন্ত্রকে ১-০ গোলে হারিয়েছে তারা। সুইজারল্যান্ডের বিপক্ষে ২-১ গোলে জিতেছে বেলজিয়াম। নেদারল্যান্ডস-স্পেনের মধ্যকার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। সুইডেনকে ২-০ গোলে হারিয়েছে ডেনমার্ক। তুরস্ক-ক্রোয়েশিয়ার মধ্যকার ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়েছে।
