এক ইনিংসে তামিমের দুই রেকর্ড
জিম্বাবুয়ের বিপক্ষে বেশ কয়েকটি মাইলফলক ছোঁয়ার হাতছানি ছিল তামিম ইকবালের সামনে। এর মধ্যে দুটি ছুঁয়ে ফেলেছেন এই অভিজ্ঞ ওপেনার। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৩ হাজার রান পূর্ণ করেছেন তিনি।
তিন ফরম্যাট মিলিয়ে ১৩ হাজার রানের ক্লাবে পৌঁছাতে তামিমের প্রয়োজন ছিল ২৭ রান। জিম্বাবুয়ের বিপক্ষে ২২ ফেব্রুয়ারি মিরপুরে শুরু হওয়া টেস্টের প্রথম ইনিংসে ৪১ রান করে ক্রিকেট ইতিহাসের ৫০তম ব্যাটসম্যান হিসেবে তিনি ১৩ হাজারি ক্লাবে নাম লিখিয়েছেন।
আন্তর্জাতিক ক্রিকেটে তামিম এখন ১৩ হাজার ১৪ রানের মালিক।
আরও একটি রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে ছিলেন তামিম। রেকর্ডটি নিজের করে নিতে তার দরকার ছিল ২ রান। ৪১ রানের ইনিংস খেলার শুরুতেই সেটি তামিমের নামের পাশে বসে গেছে। দেশের মাটিতে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রানের মালিক এখন তিনিই।
এই রেকর্ড এতদিন সাকিব আল হাসানের দখলে ছিল। বিশ্বের অন্যতম সেরা ওই অলরাউন্ডারের রান ২ হাজার ৪৭৭। এটা ছাড়িয়ে তামিম পৌঁছে গেলেন ২ হাজার ৫১৭ রানে।
দুটি রেকর্ড গড়ার দিনে অপূর্ণতাও রয়ে গেছে তামিমের। আন্তর্জাতিক ক্রিকেটে ১৩ হাজার রান পূর্ণ করা বাঁহাতি এই ব্যাটসম্যান বাংলাদেশের জার্সিতেও একই মাইলফলক ছুঁতে পারতেন। এ জন্য তার প্রয়োজন ছিল ৮৪ রানের। তামিম করেছেন ৪১ রান; ৪৩ রানের অপেক্ষা রয়েই গেল তার। এশিয়া একাদশের হয়ে তামিমের করা ৫৭ রানও আছে তার মোট রানের মধ্যে।
রেকর্ডের ছড়াছড়ির মাঝে অবশ্য অস্বস্তির একটি রেকর্ডও অপেক্ষা করছে তামিমের জন্য। তিন ফরম্যাট মিলিয়ে সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হওয়ার খুব কাছে তিনি। তিন ফরম্যাট মিলিয়ে সবচেয়ে বেশি ৩৩ বার শূন্য রানে আউট হয়েছেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এখনও পর্যন্ত তামিম হয়েছেন ৩২ বার।
