লিটারে ৯ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম
এক মাসের মধ্যে দুই দফায় সয়াবিন তেলের দাম বাড়ল। ঈদের আগে একবার ও গত বৃহস্পতিবার দুই দফায় লিটারে ৯ টাকা বেড়েছে বলে জানা গেছে।
তেল পরিশোধন ও বিপণনকারীদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয় থেকে তেলের দাম লিটারে ৯ টাকা বাড়ানোর অনুমোদন দেয়া হয়েছে। সে হিসাবে ১৪৪ টাকা থেকে বাড়িয়ে প্রতি লিটার সয়াবিন তেল ১৫৩ টাকায় বিক্রি করবে ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার সংগঠনটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন থেকে এক লিটার বোতলজাত সয়াবিন তেল ১৫৩ টাকায় বিক্রি হবে। এছাড়া পাঁচ লিটারের এক বোতল তেল পাওয়া যাবে ৭২৮ টাকায়।
এছাড়া খোলা সয়াবিন তেল লিটারপ্রতি ১২৯ টাকা ও পাম সুপার তেল ১১২ টাকা দরে কিনতে পারবেন ক্রেতারা। এ দফায় পাম তেলের দাম লিটারপ্রতি এক টাকা কমানো হয়েছে।
সংগঠনের সংবাদ সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববাজারে তেলের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় লিটারপ্রতি ১৩ টাকা দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছিল। তবে মন্ত্রণালয় থেকে ৯ টাকা বাড়ানোর অনুমতি দেয়া হয়েছে।
