স্বর্ণ চোরাচালান: বিমানের দুই কর্মীর অভিনব কৌশলও ধরা গোয়েন্দা জালে
হযরত শাহজালাল বিমানবন্দরের রানওয়েতে দুই বিমানকর্মীর জুতার ভেতর থেকে ৮০টি স্বর্ণবার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। গোপন সংবাদের ভিত্তিতে ৪ অক্টোবর সকালে দুবাই থেকে আগত এমিরেটস এয়ারলাইনসের ই কে ফাইভ এইট টু ফ্লাইট থেকে স্বর্ণের বারগুলো বের করে নেয়ার সময় ওই দুই বিমানকর্মী আটক হয়। স্বর্ণবারগুলো দুই বিমানকর্মীর জুতার ভেতরে বিশেষ কায়দায় লুকানো ছিল। আটক দুই বিমানকর্মী হলেন এয়ারক্রাফট টেকনিক্যাল হেলপার মো. মানিক মিয়া ও মো. মিজানুর রহমান। প্রতিটি স্বর্ণবারের ওজন প্রায় ১১৭ গ্রাম। উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন প্রায় ৯ দশমিক তিন চার কেজি। যার আনুমানিক বাজারমূল্য ১৬ কোটি ২৫ লাখ টাকা।
