স্লোগান বিতর্ক: জড়িতদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিচ্ছে বিএনপি?
পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়ন বিএনপির সন্ত্রাসবিরোধী মিছিলে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের নামে স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ২৯ সেপ্টেম্বর বিকালে '১ নম্বর আমখোলা ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গসহযোগী সংগঠন'-এর ব্যানারে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ছড়িয়ে পড়া ভিডিওতে মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীদের 'এই লড়াইয়ে জিতবে কারা-শহীদ জিয়ার সৈনিকেরা' স্লোগানের পর বলতে শোনা যায়, 'যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন; ছাত্রলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন।' পরে যুবদল ও ছাত্রদলের নামেও একই ধরনের স্লোগান দেওয়া হয়। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা বিএনপি। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে তারা।
