সিরিজ জয়ে চোখ বাংলাদেশের
সময়টা লম্বা হলেও মাঝে ম্যাচ ছিল মাত্র তিনটি ম্যাচ। যে তিনটি ম্যাচ আবার দুঃসহ স্মৃতি হয়ে ছিল। প্রিয় ফরম্যাট ওয়ানডেতে ফিরতে যেন অপেক্ষা ফুরাচ্ছিল না বাংলাদেশের। সাত মাস পর অপেক্ষা শেষ হয়েছে, সেটাও রেকর্ড গড়া জয়ে। মাশরাফি বিন মুর্তজার দলের দৃষ্টি এবার এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করায়।
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। দুপুর ১টায় শুরু হতে যাওয়া এই ম্যাচেও প্রথম ওয়ানডের মতো দাপট দেখাতে প্রস্তুত বাংলাদেশ।
প্রথম ওয়ানডে জয়ের পর ফুরফুরে মেজাজেই আছে বাংলাদেশ দল। দ্বিতীয় ওয়ানডের আগে বাধ্যতামূলক অনুশীলন রাখেনি দলটি। সোমবার ঐচ্ছিক অনুশীলনে বাংলাদেশের আটজন ক্রিকেটার অংশ নেন। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তামিম ইকবালকে নিয়ে বিশেষভাবে কাজ করেছেন ব্যাটিং পরামর্শক নিল ম্যাকেঞ্জি।
প্রথম ওয়ানডেতে বাংলাদেশ ৩২১ রানের বড় সংগ্রহ গড়লেও তামিমের ব্যাটিং ছিল ছন্নছাড়া। ৪৩ বল খেলে ২৪ রান করেন তিনি। এর মধ্যে ২৭টি বল ডট খেলেন অভিজ্ঞ বাঁহাতি এই ওপেনার। ২৪ রানের ইনিংসে দুটি বাউন্ডারি মারা তামিম প্রথম বাউন্ডারি হাঁকান ২৭ বল পর।
দল ঠিক রাস্তা খুঁজে পেলেও তামিমকে নিয়ে ভাবতেই হচ্ছে বাংলাদেশকে। কারণ দলের চাওয়া, বড় সংগ্রহ গড়ার ভিতটা তামিমই গড়ে দিক। ব্যাটিং পরামর্শক নিল ম্যাকেঞ্জি বলেছেন, 'বড় রান করতে তার ভূমিকাটা গুরুত্বপূর্ণ। পাওয়ার প্লেতে আমরা তার কাছ থেকে আরও দুই-একটি বেশি বাউন্ডারি চাই।'
উইনিং কম্বিনেশন ধরে রাখতে প্রথম ওয়ানডের একাদশ নিয়েই দ্বিতীয় ম্যাচে মাঠে নামতে পারে বাংলাদেশ। দলে পরিবর্তন না আসার সম্ভাবনাই বেশি।
জিম্বাবুয়ে দলে দুটি পরিবর্তন আসতে পারে। শ্বাসকষ্টের কারণে প্রথম ওয়ানডেতে দলের বাইরে থাকা ক্রেইগ আরভিন একাদশে ফিরবেন। শন উইলিয়ামসও থাকবেন একাদশে। বাদ পড়তে পারেন তিনাশে কামুনহুকামুই ও রেজিস চাকাভা।
বাংলাদেশ একাদশ (সম্ভাব্য): তামিম ইকবাল, লিটস দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তাইজুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়ে একাদশ (সম্ভাব্য): চামু চিবাবা (অধিনায়ক), ক্রেইগ আরভিন, ওয়েসলি মাধেভেরে, ব্রেন্ডন টেলর, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, টিনোটেন্ডা মুতমবদজি, ডোনাল্ট টিরিপানো, এইন্সলে এনডিলভু, ক্রিস এমপফু ও কার্ল মুম্বা।
