খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: মির্জা ফখরুল
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া 'দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা' বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে মঙ্গলবার সকালে রাজধানীর রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
বিএনপি মহাসচিব বলেন, "বর্তমান শাসকগোষ্ঠী বিভিন্নভাবে এদেশের মানুষের উপর অত্যাচার নির্যাতন চালিয়ে যাচ্ছে। তারা অসংখ্য মানুষকে খুন করেছে, গুম করেছে; সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, তারা এই দেশে স্বাধীনতার সময়ে যিনি বন্দি ছিলেন, প্রথম নারী মুক্তিযোদ্ধা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে বন্দি করে রেখেছে।"
খালেদা জিয়াকে কয়েক বছর ধরে 'মিথ্যা, সাজানো মামলায় আটক করে রাখা হয়েছে' দাবি করে মির্জা ফখরুল বলেন, "এখন এই মুহুর্তে তিনি অসুস্থ হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন। আমরা বাবরার বলেছি, উনাকে মুক্তি দিয়ে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠাতে। কিন্তু এই গণবিরোধী, স্বাধীনতা বিরোধী সরকার শুধু খালেদা জিয়াই নয়, কাউকেই রাজনীতি করতে দিতে চায় না। তারা বিরাজনীতিকরণ শুরু করেছে।"
