Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
ভাগ্যকুলের ঘোল খেলে দুধের স্বাদ সত্যি ভুলে যাবেন!

ফিচার

শেহেরীন আমিন সুপ্তি
29 November, 2021, 01:30 pm
Last modified: 29 November, 2021, 09:06 pm

Related News

  • মুন্সীগঞ্জে বলাৎকারে ব্যর্থ হয়ে মাদ্রাসাছাত্রের গলায় ছুরিকাঘাতের অভিযোগ
  • মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: বিএনপি কার্যালয় ও বাড়িঘর ভাঙচুর, আহত ৩
  • পূর্ববিরোধের জের, মুন্সিগঞ্জে একজনকে কুপিয়ে হত্যা
  • মুন্সীগঞ্জে চুরির অভিযোগে দুইজনকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
  • বার্ধক্য হার মেনেছে ইচ্ছার কাছে: মুন্সিগঞ্জে পালকিতে চড়ে ভোট দিলেন ১০৩ বছরের চাঁন বানু

ভাগ্যকুলের ঘোল খেলে দুধের স্বাদ সত্যি ভুলে যাবেন!

পদ্মার পাড় ঘেঁষা জমজমাট এই বাজারে রয়েছে কয়েক দশক পুরানো বেশ কিছু মিষ্টির দোকান। দেশের সেরা ঘোল খেতে চাইলে এই দোকানগুলোতেই হানা দিতে হবে আপনাকে।  
শেহেরীন আমিন সুপ্তি
29 November, 2021, 01:30 pm
Last modified: 29 November, 2021, 09:06 pm
ছবি: ফাহিম হাসান

দুধের স্বাদ ঘোলে মেটাতে পারুন আর না-ই পারুন, ভাগ্যকুল বাজারের ঘোলের স্বাদ যে দুধে মেটাতে পারবেন না সে কথা হলফ করে বলা যায়! মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল বাজারের ঘোল দেশের নানাপ্রান্তের ভোজনরসিকদের মনে স্থান করে নিয়েছে এর অভিনব স্বাদে। 

সকাল থেকেই জমে ওঠে ভাগ্যকুল বাজার। ছবি: টিবিএস

ঢাকার আশেপাশে একদিনের ছুটিতে ঘুরে বেড়ানোর জন্য আদর্শ গন্তব্য মুন্সিগঞ্জ। ঢাকার শিক্ষার্থী আর কর্মজীবীদের প্রিয় সপ্তাহান্তের পরিকল্পনার একটি হলো মাওয়া ঘাটে ইলিশ খেতে যাওয়া। পদ্মার তাজা ইলিশ খাওয়ার পাশাপাশি মিষ্টিপ্রেমীদের হৃদয় জুড়াতে চলে যেতে পারেন মাওয়ার অদূরেই ভাগ্যকুল বাজারে। পদ্মার পাড় ঘেঁষা জমজমাট এই বাজারে রয়েছে কয়েক দশক পুরনো বেশ কিছু মিষ্টির দোকান। দেশের সেরা ঘোল খেতে চাইলে এই দোকানগুলোতেই হানা দিতে হবে আপনাকে।  

ভাগ্যকুলের বিখ্যাত ঘোল। ছবি: টিবিএস

ভাগ্যকুল বাজারে অবস্থিত পাঁচ-ছয়টি মিষ্টির দোকানের সবগুলোতেই পাওয়া যায় অভিনব স্বাদের এই ঘোল। তবে ঐতিহ্যবাহী পুরোনো দোকানগুলোর মধ্যে চিত্তরঞ্জন সুইটমিট, আনন্দ মিষ্টান্ন ভাণ্ডার ও গোবিন্দ মিষ্টান্ন ভাণ্ডার উল্লেখযোগ্য। চিত্তরঞ্জন সুইটমিটের মালিকপক্ষ থেকে অনীল আচার্য্য জানান এখানের বেশিরভাগ মিষ্টির দোকানই প্রায় ৬০-৭০ বছরের পুরোনো। 

চিত্তরঞ্জন সুইটমিটের প্রতিষ্ঠাতা চিত্তরঞ্জন আচার্য্য স্বাধীনতার আগে নাস্তার হোটেল হিসেবে তার ব্যবসার শুরু করেন। দোকানে মিষ্টি বানানো শুরু হয় ৩৫ বছর আগে থেকে। স্থানীয় ফার্ম থেকে প্রতিদিন দুধ সংগ্রহ করে সেখান থেকে নিজেরাই তৈরি করেন দই আর ছানা। খাঁটি এই দই দিয়ে তৈরি হয় ঘোল আর ছানা থেকে অন্য সব ধরনের মিষ্টি। আচার্য্য পরিবারের সবাই মিলেই দোকানের কাজ সামলান। বাবা মারা যাওয়ার পর সুভাষ আচার্য্য, অনীল আচার্য্য, আর সমীর আচার্য্য তিন ভাই মিলে দেখেন দোকান।

"আমাদের সব মিষ্টি একদম ফ্রেশ করে বানানো হয়। কোনো কেমিক্যাল মেশানো হয়না কখনো" বলেন সমীর আচার্য্য। 

সকাল সকাল মিষ্টি বানাতে ব্যস্ত চিত্তরঞ্জন সুইটমিটের সুভাষ আচার্য্য। ছবি: টিবিএস

আনন্দ মিষ্টান্ন ভাণ্ডারের সমীর মোদক জানান মিষ্টির দোকানটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছে তা মনে নেই। কিন্তু এটি তার দাদার আমলের দোকান। 

"একশো বছরের পুরানো আমাদের দোকান, ভাগ্যকুল বাজারের প্রথমদিকের দোকানের একটি এটি," বলেন তিনি। ঘোলের পাশাপাশি তাদের বরফি, সন্দেশ, পুডিং, দই, রসমালাই বেশ বিখ্যাত বলে জানান তিনি। 

ঢাকা থেকে এই দোকানে খেতে আসা নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী নীতিশ দাস বলেন, "বিখ্যাত এই ঘোল খেতেই বিক্রমপুরে আসি আমি, ঢাকায় ফেরার সময় প্রতিবার এই বাজারের মিষ্টিও নিয়ে যাই ফ্যামিলির জন্য"।  আনন্দ মিষ্টান্ন ভাণ্ডারের ঘোল, মিষ্টি সবই বানায় তাদের নিজস্ব কারিগর। 

ভাগ্যকুল বাজারের ঘোলই শুধু নয়, মিষ্টিও বেশ জনপ্রিয়। ছবি: টিবিএস

গোবিন্দ মিষ্টান্ন ভাণ্ডার এই বাজারের বেশ পুরোনো দোকান। সকাল থেকেই জমজমাট ছিল দোকানের পরিবেশ। শ্রীনগর এলাকার স্থানীয় এক বাসিন্দা  জানান গোবিন্দ মিষ্টান্ন ভাণ্ডারের ঘোল খুবই বিখ্যাত। "এই দোকানগুলো ভালো লাগে কারণ এদের ঘোলটা খুবই ফ্রেশ থাকে। পিউর দুধ দিয়ে এরা দই বানায়। ঘোল বানানোর পুরো প্রসেসে কোনো মেশিন ইউজ করেনা। দই পাতা থেকে শুরু করে ঘোল সার্ভ করা পর্যন্ত সবকিছুতে তাদের নিজস্বতা বজায় রাখে," ভাগ্যকুল বাজারের ঘোল সম্পর্কে বলেন শ্রীনগরে ঘুরতে আসা ফাহিম।  

এই তিন দোকান ছাড়াও ভাগ্যকুল বাজারের "ভাগ্যকুল মিষ্টিমুখ" ও "সঞ্জয় ঘি ও দধি ঘর" বেশ জনপ্রিয়।   

সকাল ৭টা থেকেই দোকানগুলোতে মিষ্টি বানানোর কাজ শুরু হয়। ঘোল ছাড়াও এই দোকানগুলোর আকর্ষণের মূলে রয়েছে রসগোল্লা, চমচম, কালোজাম, সন্দেশ, ছানা, বরফি, দই, পুডিং সহ নানা ধরনের মিষ্টি। সকালে ১০-১১টার দিকে দোকানগুলোতে গেলে দেখতে পারবেন সরাসরি মিষ্টি বানানোর দৃশ্য। ছানা মেখে গোল করে টগবগিয়ে ফুটতে থাকা স্বচ্ছ্ সিরায় জ্বাল দিয়ে বানানো হয় রসগোল্লা। ভোজনরসিক না হলেও তখন গরম গরম রসগোল্লা খাওয়ার লোভ সামলে রাখা দায়! 

কড়াই থেকে তোলা হচ্ছে গরম গরম রসগোল্লা। ছবি: টিবিএস

দইয়ের সাথে পানি মিশিয়ে এক জগ থেকে আরেক জগে ঢেলে ঘোল বানানোর প্রক্রিয়াটা দেখাও বেশ উপভোগ্য। খাঁটি দইয়ের ঘোলের সাথে এক টুকরো লেবুর ঘ্রাণ মিশে আরো উপভোগ্য হয়ে উঠে ভাগ্যকুল বাজারের এই অমৃত পানীয়।  

তৈরি হচ্ছে ঘোল। ছবি: টিবিএস

দেশের নানা প্রান্ত থেকে প্রতিদিনই ভোজন রসিকেরা ভিড় জমায় এই দোকান গুলোয়। প্রায়ই বন্ধের দিনে ভাগ্যকুল বাজারে ভীড়ের জন্য চলাফেরাই করা যায় না বলে জানান স্থানীয় এক বাসিন্দা। তবে এই খ্যাতির কিছু বিড়ম্বনাও পোহাতে হয় মিষ্টির দোকানীদের। গোবিন্দ মিষ্টান্ন ভাণ্ডারের মালিক বলেন, "ইদানীং ফুড ভ্লগার নাম করে ভিডিও করতে আসে অনেকেই। তারা খাওয়ার চেয়ে বেশি বিরক্ত করে। অনেকেই দামাদামিও করতে চায়। এতে আমাদের কাজে অনেক সমস্যা হয়।"  

চিত্তরঞ্জন সুইটমিটের মিষ্টির মূল্যতালিকা। এই বাজারের সব দোকানের মিষ্টির দামই এমন। ছবি: টিবিএস

মিষ্টির পাশাপাশি ভাগ্যকুল বাজারে গিয়ে পদ্মার পাড়ের হোটেলে বসে সকালের নাস্তা বা দুপুর ও রাতের খাবারও খেতে পারবেন বেশ অল্প দামে। খেতে বসে হোটেলের জানলা দিয়ে পদ্মার চড়ে জেগে ওঠা কাশবন দেখে হারিয়ে যাওয়ার ইচ্ছা হলে নৌকা নিয়ে যেতে পারেন সেখানেও। বাজারের ঘাটেই পাওয়া যায় নৌকা।

ভাগ্যকুল বাজারে পদ্মা পাড়ের হোটেলে বসেই সকালের নাস্তা কিংবা দুপুর ও রাতের খাবার খেতে পারবেন। ছবি: টিবিএস

ঢাকা থেকে সরাসরি ভাগ্যকুল বাজারে যাওয়া যাবে বাস বা নিজস্ব গাড়ি দিয়েই। গুলিস্তান থেকে শ্রীনগরগামী 'ভাগ্যকুল পরিবহন' বা 'আরাম' বাসে করে প্রথমে বালাশুর বাজারে নামতে হবে। সেখান থেকে অটো বা রিকশায় করে ভাগ্যকুল বাজারে যাওয়া যাবে। মোট ভাড়া পড়বে ১০০ টাকার মতো। ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে দিয়ে ভাগ্যকুল বাজারে যেতে সময় লাগে এক ঘন্টার কাছাকাছি।  

আবার মাওয়া ঘাট থেকে অটোতে করেও যাওয়া যায় ভাগ্যকুল বাজারে। ভাড়া পড়বে ৫০ টাকার মতো।  

ভাগ্যকুল বাজার থেকেই নৌকা ভাড়া নিয়ে যেতে পারবেন পদ্মার চরে। ছবি: টিবিএস

মিষ্টিপ্রেমী না হলেও যেকোনো ভ্রমণপ্রেমীকেই ভাগ্যকুল বাজারের পরিবেশ মুগ্ধ করবে। ছুটির দিনের মুন্সিগঞ্জের শ্রীনগর ভ্রমণ আপনার স্মৃতির পাতায় যোগ করবে একটি স্নিগ্ধ ছবি।

Related Topics

টপ নিউজ

মিষ্টি / ঘোল / মুন্সিগঞ্জ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ছবি: রয়টার্স
    অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

Related News

  • মুন্সীগঞ্জে বলাৎকারে ব্যর্থ হয়ে মাদ্রাসাছাত্রের গলায় ছুরিকাঘাতের অভিযোগ
  • মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: বিএনপি কার্যালয় ও বাড়িঘর ভাঙচুর, আহত ৩
  • পূর্ববিরোধের জের, মুন্সিগঞ্জে একজনকে কুপিয়ে হত্যা
  • মুন্সীগঞ্জে চুরির অভিযোগে দুইজনকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
  • বার্ধক্য হার মেনেছে ইচ্ছার কাছে: মুন্সিগঞ্জে পালকিতে চড়ে ভোট দিলেন ১০৩ বছরের চাঁন বানু

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট

5
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

6
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net