ফাইনালে ওঠার লড়াইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে পাকিস্তান
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমি-ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে রুদ্ধশ্বাস লড়াই জিতে ফাইনালে উঠেছে নিউজিল্যান্ড। প্রথমবারের সংক্ষিপ্ততম এই ফরম্যাটের ফাইনালে ওঠা কিউইদের প্রতিপক্ষ নিশ্চিত হবে আজ। দ্বিতীয় সেমি-ফাইনালে মুখোমুখি হয়েছে পাকিস্তান ও অস্ট্রেলিয়া।
ফাইনালের টিকেট কাটার ম্যাচে টস ভাগ্য পক্ষে গেছে অস্ট্রেলিয়ার। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ, ব্যাটিংয়ে নামছে পাকিস্তান। ম্যাচটি বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে।
এবারের বিশ্বকাপে পাকিস্তান, অস্ট্রেলিয়া; দুই দলই দারুণ ছন্দে আছে। পাকিস্তান অবশ্য কিছুটা এগিয়ে। বাবর আজমের দল সুপার টুয়েলভ পর্বের একমাত্র দল হিসেবে টানা পাঁচ ম্যাচ জিতে সেমি-ফাইনালে ওঠে। অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের চারটি জিতে শেষ চারের টিকেট কাটে।
টি-টোয়েন্টিতে পরিসংখ্যানেও অজিদের চেয়ে পাকিস্তান এগিয়ে । অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৩ বারের মোকাবিলায় ১২ বার জিতেছে পাকিস্তান। অস্ট্রেলিয়া জিতেছে ৯টি ম্যাচে। একটি ম্যাচ টাই ও আরেকটি ম্যাচ পরিত্যক্ত হয়। টি-টোয়েন্টি বিশ্বকাপে ৬ বারের দেখায় দুই দলের জয় তিনটি করে।
পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, আসিফ আলী, ইমাদ ওয়াসিম, শাদাব খান, হাসান আলী, শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফ।
অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ, (অধিনায়ক), মিচেল মার্শ, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড, (উইকেটরক্ষক), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজেলউড।
