জয় নাকি সেই একই হতাশার গল্প?
অবস্থা এখন এমন, যেন টুর্নামেন্ট শেষ হলেই বাঁচা যায়! কারণ একটি ম্যাচ মানেই তো আরেকটি হতাশার গল্প। দারুণ ছন্দ নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়া দলটিই এখন ব্যর্থতার বৃত্তে বন্দি। হতাশার সমুদ্রে হাবুডুবু খাওয়া বাংলাদেশের বিদায় আগেই নিশ্চিত হয়ে গেছে। বাকি থাকা ম্যাচে আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে মাহমুদউল্লাহ রিয়াদের দল।
সুপার লিগের এক নম্বর গ্রুপে দুবাইয়ে আজ অজিদের বিপক্ষে মাঠে নামছে টানা চার ম্যাচে হার মেনে নেওয়া বাংলাদেশ। ম্যাচটি বাংলাদেশ সময় বিকাল ৪টায় শুরু হবে। এবারের মিশনে এটাই বাংলাদেশের শেষ ম্যাচ, তবে এখান থেকেই নতুন শুরু করতে চায় তারা।
এই ম্যাচটি থেকে প্রাপ্তির সুযোগও আছে বাংলাদেশের। প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর ভাষায় সেটা রেকর্ড সমৃদ্ধ করে নেওয়া। টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে এখন পর্যন্ত বাংলাদেশ একটি ম্যাচ জিতেছে। ২০০৭ বিশ্বকাপে সেই জয়ের পর ১৪ বছরের অপেক্ষা ফুরানোর সুযোগ আছে মাহমুদউল্লাহ-মুশফিকদের সামনে।
টানা হারের পর যেকোনো জয়ই পরম শান্তির। অস্ট্রেলিয়ার বিপক্ষে এই ম্যাচের জয়টিও বাংলাদেশের জন্য হতে পারে তেমন কিছু। এ ছাড়া পরের বিশ্বকাপে সরাসরি সুপার টুয়েলভে খেলার টিকেট কাটারও সুযোগ আছে। এই ম্যাচে জিততে পারলে সরাসরি অস্ট্রেলিয়া বিশ্বকাপে খেলার সম্ভাবনা বেঁচে থাকবে বাংলাদেশের।
যদিও অস্ট্রেলিয়া দলের মতো প্রতিপক্ষের বিপক্ষে জয় ছিনিয়ে নেওয়ার মতো অবস্থায় নেই বাংলাদেশ। টানা চার হারে বাংলাদেশ দল এখন ক্লান্ত। হারের বোঝা বয়ে বেড়ানো দলটি মাঠে কতোটা লড়াই করতে পারে, তা নিয়ে আছে যথেষ্ট সংশয়। এরপরও লড়াইয়ের রসদ পেতে পারে বাংলাদেশ। গত আগস্টে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। ভিন্ন কন্ডিশন, উইকেট হলেও আজকের ম্যাচে ওই সিরিজ জয়ের স্মৃতি হতে পারে বাংলাদেশের জন্য অনুপ্রেরণা।
দল উল্টো পথে হাঁটতে থাকলেও এই ম্যাচে ভালো ক্রিকেট খেলার ব্যাপারে আশাবাদী বাংলাদেশের স্পিন কোচ রঙ্গনা হেরাথ। ঘুরে দাঁড়িয়ে দল লড়াই করবে বলে বিশ্বাস সাবেক এই লঙ্কান স্পিনারের।
তিনি বলেছেন, 'আমাদের আরেকটি ম্যাচ আছে। আমি নিশ্চিত, সেখানে ছেলেরা ভালো করবে। পেশাদার হিসেবে আমাদের দৃঢ়ভাবে ঘুরে দাঁড়ানো জরুরি। অস্ট্রেলিয়ার বিপক্ষে আমাদের আরেকটি ম্যাচ জেতার সুযোগ। ছেলেরা কী করেছে, এর বিশ্লেষণ ওরা করবে, এটা তাদের করতে হবে। আমি নিশ্চিত, ওরা দৃঢ়ভাবে ঘুরে দাঁড়াবে।'
ঘরের মাঠে সর্বশেষ সিরিজ দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের টি-টোয়েন্টি রেকর্ড সমৃদ্ধ করে নেয় বাংলাদেশ। এই ফরম্যাটে অজিদের বিপক্ষে ৯ ম্যাচের ৪টিতে জিতেছে বাংলাদেশ, হার ৫টিতে। তবে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে রেকর্ডটা ভালো নয় বাংলাদেশের। চার ম্যাচের সবগুলোতেই বাংলাদেশ হার মানে। সেই রেকর্ডটিও এবার বদলে নেওয়ার সুযোগ তাদের। এর জন্য হতাশা ঝেরে ঘুরে দাঁড়ানোর গল্প লিখতে হবে। বাংলাদেশ পারে কিনা, সেটাই এখন দেখার অপেক্ষা।
