বিশ্বকাপ শেষ সাকিবের
বড় দুঃসংবাদ বাংলাদেশ ক্রিকেট দলের জন্য। হ্যামস্ট্রিং ইনজুরিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হয়ে গেছে সাকিব আল হাসানের। তাকে ছাড়াই বিশ্বকাপের বাকি দুই ম্যাচে খেলতে হবে মাহমুদউল্লাহ রিয়াদের দলকে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পান সাকিব। এরপর তাকে তিন দিনের বিশ্রাম দেওয়া হয়। বিসিবির পক্ষ থেকে জানানো হয়, এই তিন দিন পর্যবেক্ষণে থাকবেন সাকিব। এরপর তার চোট মূল্যায়ন করে সিদ্ধান্ত নেওয়া হবে।
সাকিবের পর্যবেক্ষণ প্রক্রিয়া শেষ হওয়ার কথা ছিল ১ নভেম্বর। এরপর তার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল। কিন্তু চোট বিবেচনায় আগেই সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলেছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। শনিবার এক বিবৃতি দিয়ে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তার বদলে কাউকে দলে নেওয়া হবে না বলে জানানো হয়েছে।
বিবৃতিতে বিসিবির প্রধান চিকৎসক দেবাশিষ চৌধুরী বলেছেন, 'ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে ফিল্ডিংয়ের সময় বাঁ পায়ে নিচের দিকের হ্যামস্ট্রিংয়ে চোট পান সাকিব। এটা গ্রেড ওয়ান পর্যায়ের চোট। বিশ্বকাপের বাকি দুই ম্যাচে তার খেলা হচ্ছে না। পরবর্তী পর্যবেক্ষণের আগ পর্যন্ত অন্য কোনো ম্যাচেও তার খেলার সম্ভাবনা নেই।'
শারজাহতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোটে মাঠ ছাড়েন সাকিব। এরপর অবশ্য মাঠে ফিরে চার ওভার বোলিং করেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। কিন্তু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখা যাচ্ছিল তাকে। পরে জাতীয় দলে প্রথমবারের মতো ইনিংস উদ্বোধন করতে নামা সাকিব রান নিতে গিয়েও সংগ্রাম করছিলেন।
বিশ্বকাপে দারুণ সময় যাচ্ছিল সাকিবের। বাংলাদেশের জেতা দুটি ম্যাচেই নায়ক ছিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। ব্যাটে বলে আলো ছড়িয়ে দুই ম্যাচেই সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন তিনি। ৬ ম্যাচে ১১ উইকেট নেওয়ার পাশাপাশি সাকিব ব্যাট হাতে করেছেন ১৩১ রান।
টি-টোয়েন্টি বিশ্বকাপে এমনিতেই ব্যর্থতার বৃত্তে বন্দি বাংলাদেশ। সুপার লিগ পর্বে টানা তিন ম্যাচ হেরে সেমি-ফাইনাল খেলার স্বপ্ন এরই মধ্যে প্রায় শেষ বাংলাদেশের। এমন সময় সাকিবের ছিটকে যাওয়া আরও বিপালে ফেললো বাংলাদেশ দলকে।
এর আগে ইনজুরিতে ছিটকে যান মোহাম্মদ সাইফউদ্দিন। নুরুল হাসান সোহানও পিঠের চোটে ভুগছেন। উইকেটরক্ষকট এই ব্যাটসম্যানেরও বাকি দুই ম্যাচে না খেলার সম্ভাবনাই বেশি।
বিশ্বকাপের বাকি দুই ম্যাচে জিতলেও শেষ চারের সম্ভাবনা সামান্যই থাকবে বাংলাদেশের। শেষ দুই ম্যাচে ২ নভেম্বর আবু ধাবিতে দক্ষিণ আফ্রিকা ও ৪ নভেম্বর দুবাইয়ে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।
