বিনা টিকেটে মাঠে দর্শক, ক্ষমা চাইল আইসিসি
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার লিগে পাকিস্তান-আফগানিস্তান ম্যাচ। এই ম্যাচ নিয়ে দুই দলের সমর্থকদের আগ্রহ চরমে। কেউ কেউ রীতিমতো বাধনহারা! তাই তো টিকেট না কেটেও দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের বাইরে হাজির হয়েছিলেন হাজারও দর্শক। এদের মধ্যে কেউ কেউ প্রাচীর টপকে স্টেডিয়ামে ঢুকে পড়েন।
এ নিয়ে বিশৃঙ্খলা তো তৈরি হয়-ই, টিকেট কেটেও অনেক দর্শক মাঠে ঢুকতে পারেননি। এই ঘটনায় ক্ষমা চেয়েছে আইসিসি। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি এক বিবৃতির মাধ্যমে বিষয়টি জানিয়েছে।
আইসিসির বিবৃতিতে বলা হয়েছে, 'পাকিস্তান-আফগানিস্তানের মধ্যকার ম্যাচের জন্য ১৬ হাজারের বেশি টিকিট বিক্রি করা হয়েছিল। কিন্তু হাজারেরও বেশি দর্শক টিকিট ছাড়াই ভেন্যুতে এসেছিলেন এবং জোর করে স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করেছিলেন।'
চলতি বিশ্বকাপে উড়ছে পাকিস্তান। চির প্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করা বাবর আজমের দল দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে। আফগানদের শুরুটাও দাপুটে। স্কটল্যান্ডের বিপক্ষে ১০ উইকেটের জয় তুলে নেন নবী-রশিদরা। সব মিলিয়ে দারুণ ছন্দে থাকা দুই দলের সমর্থকরা ম্যাচ দেখতে মরিয়া হয়ে উঠে।
টিকেট না কেটেই তাই মাঠে গিয়ে হাজির হন অনেকে। জের করে অনেকে মাঠে ঢুকতে গেলে দুবাই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। মাঠের ভিতরে যারা ছিলেন, তাদের সুরক্ষা দেওয়ার জন্য স্টেডিয়ামের সব দরজা একটা সময় বন্ধ করে দেওয়া হয়েছিল।
আইসিসির বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তান-আফগানিস্তান ম্যাচের জন্য বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। নামানো হয়েছিল ঘোড়সওয়ার পুলিশ। মাঠে ৭০ শতাংশ দর্শক ঢোকার অনুমতি দেওয়া হয়, সব টিকিট মুহূর্তেই বিক্রি হয়ে যায়। খেলা শুরু হয়ে যাওয়ার পর অনেক দর্শক মাঠে জোর করে ঢোকার চেষ্টা করেন। অনেকে সফল হওয়ায় টিকেট কেটেও কেউ কেউ মাঠে ঢুকতে পারেননি। এ ঘটনায় এমেরিটস ক্রিকেট বোর্ডকে (ইসিবি) তদন্ত করার পরামর্শ দিয়েছে আইসিসি।
