সমালোচকদের আয়নায় নিজের চেহারা দেখতে বললেন মুশফিক
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে হেরে যায় বাংলাদেশ। অপেক্ষাকৃত দুর্বল দলের বিপক্ষে হেরে যাওয়ায় 'হায় হায়' রব পড়ে যায়। ভক্ত-সমর্থক, সংবাদমাধ্যমের সমালোচনা তো ছিলই, তাতে যোগ দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও।
স্কটল্যান্ডের বিপক্ষে হারের পর ক্ষোভ উগড়ে দেন তিনি। দল ও দলের কয়েকজন সিনিয়র ক্রিকেটারকে নিয়ে চরম সমালোচনা করেন নাজমুল হাসান। এই সমালোচনা নিয়ে পরে নিজেদের কষ্টের কথা জানান টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ওখানেই থামেনি, মাহমুদউল্লাহর মন্তব্য নিয়ে আবারও কথা বলেন বিসিবি সভাপতি।
সেটা নিয়ে নতুন করে কথা বললেন মুশফিকুর রহিমও। দীর্ঘদিন রান খরায় থাকা অভিজ্ঞ এই ব্যাটসম্যান শ্রীলঙ্কার বিপক্ষে ৩৭ বলে ৫টি চার ও ২টি ছক্কায় ৫৭ রানের ইনিংস খেলেন। দুই বছর ও ১১ ইনিংস পর এই ফরম্যাটে হাফ সেঞ্চুরি পাওয়ার দিন জয়ের হাসি হাসতে পারেননি তিনি। বাংলাদেশ ম্যাচ হেরেছে ৫ উইকেটে।
এই ম্যাচের পর বাইরের সমালোচনার বিষয়ে প্রশ্ন করা হলে মাহমুদউল্লাহর মতো মুশফিকও কঠিন ভাষায় কথা বলা শুরু করেন। আয়নায় সমালোচকদের নিজের চেহারা দেখার পরামর্শ দেন তিনি। তার মতে, সমালোচকরা নন, তারা বাংলাদেশের হয়ে খেলেন।
প্রথম ম্যাচে মন্থর ব্যাটিংয়ের জন্য সমালোচিত হওয়া মুশফিক বলেন, 'মাঠের বাইরে তো নানা রকম কথা হবেই। আপনি ভালো করলে সবাই তালি দেবে, আর খারাপ করলে গালি দেবে; এটাই নিয়ম। আর এটা আমার প্রথম বছর না। গত ১৬ বছর ধরে আমি এসব দেখে আসছি। যারা আমাদের নিয়ে এসব বলে, তাদের উচিত নিজেদের চেহারা আয়নায় দেখা। কারণ তারা তো বাংলাদেশের হয়ে খেলে না। আমরা খেলছি। আমরা সবাই ভালো করার চেষ্টা করি, কোনোদিন হয় কোনোদিন হয় না।'
হারের দায় কার? এমন প্রশ্নের জবাবে মুশফিক বলেন, 'আসলে দায় দেয়ার কিছু নেই। যত রানই করি না কেন, ছোটখাট কিছু ভুল থাকেই। আবার কিছু ইতিবাচক দিকও থাকে। আমাদের আজ যে ভুল হয়েছে সেটা হলো লিটনের দুটো ক্যাচ। সে কিন্তু খুব ভাল মানের ফিল্ডার। ব্যাপারটা আমার কাছ থেকে হলে হয়তো এত আশাহত হতাম না। কিন্তু সে ভাল ফিল্ডার । আর ওই সময়টাও খুব গুরুত্বপূর্ণ ছিল।'
