স্কটল্যান্ড কোচের কাছে ওমান-পিএনজির মতোই দল বাংলাদেশ
১৭ অক্টোবর পর্দা উঠছে টি-টোয়েন্টি বিশ্বকাপের। উদ্বোধনী ম্যাচে পাপুয়া নিউ গিনির মুখোমুখি হবে স্বাগতিক ওমান। পরের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড। স্বভাবতই এই ম্যাচে বাংলাদেশের গায়ে ফেবারিটের তকমা। কেবল এই ম্যাচেই নয়, প্রথম রাউন্ডে 'বি' গ্রুপে সন্দেহাতীতভাবে বাংলাদেশকেই ফেবারিট মানা হচ্ছে।
যদিও স্কটল্যান্ডের কোচ শেন বার্জার তা মনে করেন না। প্রথম রাউন্ডে দুই প্রতিপক্ষ ওমান ও পাপুয়া নিউগিনির কাতারেই বাংলাদেশকে রাখছেন তিনি। বাইরের সমীকরণ সরিয়ে রেখে বার্জার জানিয়েছেন, তার কাছে তিন প্রতিপক্ষই সমান এবং প্রতিটি দলকেই হারানোর সামর্থ্য আছে তাদের।
বাংলাদেশ ম্যাচের আগেরদিন হুমকিই দিয়ে রাখলেন স্কটিশ কোচ। তিনি বলেন, 'আমরা জানি, নিজেদের সেরাটা খেলতে পারলে আমরা সব দলকেই বিপাকে ফেলতে পারব, এটা সহজ হিসাব। সংক্ষিপ্ততম সংস্করণ সব দলকেই কাছাকাছি নিয়ে আসে। আমরা জানি, আমাদের সামর্থ্য আছে। যদি নিজেদের সেরাটা দিতে পারি, যে কোনো দলকে হারাতে পারি আমরা। হোক সেটা বাংলাদেশ, ওমান কিংবা পাপুয়া নিউ গিনি।'
বাংলাদেশকে বাকি দুই প্রতিপক্ষের চেয়ে এগিয়ে রাখতে নারাজ বার্জার। তার ভাষায়, 'প্রথম রাউন্ডের ম্যাচগুলোয় বাংলাদেশকে আমরা পিএনজি বা ওমানের চেয়ে ওপরে কোথাও দেখি না। আমরা জানি, সব দলই আমাদের বিপক্ষে জিততে তেড়ে আসবে। তবে আমরা তাদের সবার জন্যই সবচেয়ে বড় ম্যাচ হবো, আমরা প্রস্তুত।'
বিশ্বকাপের আগে দারুণ প্রস্তুতি হয়েছে স্কটল্যান্ডের। আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ হারলেও স্কটিশরা জয় দিয়েই প্রস্তুতি সেরেছে। এ ছাড়া পাপুয়া নিউ গিনি, নেদারল্যান্ডস ও নামিবিয়াকে হারায় তারা। এই জয়গুলো বাংলাদেশের বিপক্ষে ম্যাচে কাজে দেবে বলে বিশ্বাস বার্জারের।
স্কটল্যান্ডের কোচ বলেন, 'বিশ্বকাপের প্রথম ম্যাচে বাংলাদেশের মতো মানসম্পন্ন দলের বিপক্ষে লড়াইয়ের আগে আমাদের দুর্দান্ত মোমেন্টাম দিয়েছে নেদারল্যান্ডস, নামিবিয়ার বিপক্ষে জয়গুলো। চাপটার সঙ্গে পরিচিত হয়েছি আমরা, জয়ের অভ্যাস গড়েছি। ভুলও করেছি, তবে গত এক মাসে সত্যিই ভালো ক্রিকেট খেলেছি আমরা।'
