বিশ্বকাপে ভারতকে হারাবে পাকিস্তান, বাবরের হুঙ্কার
ভারত-পাকিস্তান মানেই রোমাঞ্চকর ম্যাচ। এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যকার ম্যাচের আগের সেই জৌলুশ না থাকলেও ভারত-পাকিস্তান প্রশ্নে এখনও দুই ভাগে ভাগ হয়ে পড়ে ক্রিকেট দুনিয়া। লড়াইয়ের মঞ্চটা বিশ্বকাপ হলে তা কথাই নেই। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকেট মাত্র এক ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যায়।
দর্শক আগ্রহ চূড়ায় থাকলেও বিশ্বকাপে এই লড়াই সব সময়ই একপেশে হয়। ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি; ফরম্যাট যেটাই হোক, বিশ্বকাপ হলেই ভারতের বিপক্ষে দিক হারিয়ে বসে পাকিস্তান। বিশ্বকাপে এখন পর্যন্ত ভারতকে হারাতে পারেনি তারা। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত বাধা পেরোতে চায় পাকিস্তান। দেশটির অধিনায়ক বাবর আজমের আশা, এবার চিরপ্রতিদ্বন্দ্বীদের হারাতে পারবে তার দল।
আগামী ২৪ অক্টোবর দুবাইতে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। এই ম্যাচে ভারতকে হারিয়ে মিশন শুরু করতে চান প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়া বাবর আজম।
পাকিস্তানকেও প্রথমবারের মতো বিশ্বকাপে নেতৃত্ব দিতে যাচ্ছেন বাবর। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বর্তমান সময়ের অন্যতম সেরা এই ব্যাটসম্যান বলেন, 'প্রতিটা ম্যাচের চাপ ও গুরুত্ব সম্পর্কে আমরা জানি, বিশেষ করে প্রথম ম্যাচ। আশা করি, আমরা ম্যাচটি জিততে পারব এবং ওই মোমেন্টাম সামনে ধরে রাখতে পারব।'
'কোনো টুর্নামেন্টের আগে একটি দল হিসেবে নিজেদের ওপর বিশ্বাস ও আত্মবিশ্বাস রাখা অনেক গুরুত্বপূর্ণ। দল হিসেবে আমাদের আত্মবিশ্বাস অনেক উঁচুতে। আমরা অতীত নিয়ে নয়, ভবিষ্যৎ নিয়ে ভাবছি। আমরা সেটার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমি পুরোপুরি আত্মবিশ্বাসী যে আমরা ভালোভাবে প্রস্তুত এবং ভালো ক্রিকেট খেলব।' যোগ করেন পাকিস্তানের অধিনায়ক।
ওয়ানডে বিশ্বকাপে দুই দলের সাতবারের লড়াইয়ে ভারত প্রতিটি ম্যাচে পাকিস্তানকে হারিয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে ৫ ম্যাচের ৪টিতে জেতে ভারত। একটি ম্যাচ টাই হয়, তবে ২০০৭ বিশ্বকাপের সেই ম্যাচেও পরে টাইব্রেকারে জয় তুলে নেয় ভারত।
