ওমান যাত্রার আগে করোনা পরীক্ষায় বাংলাদেশের স্বস্তি
করোনাকালে কোনো সফর বা সিরিজের আগে চিন্তায় থাকতে হয় দলগুলোকে। দলে থাকা কোনো ক্রিকেটার করোনা আক্রান্ত হয়ে পড়লে বিপদের শেষ থাকে না। আক্রান্ত ক্রিকেটার দ্বারা দলে সংক্রমণ বাড়ারও সম্ভাবনা থেকে যায়। বাংলাদেশ দলকে আপাতত এ নিয়ে চিন্তা করতে হচ্ছে না। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ওমান যাত্রার আগে স্বস্তিতে বাংলাদেশ দল।
করোনা পরীক্ষায় বাংলাদেশ দলের সবাই নেগেটিভ হয়েছেন। আইপিএল খেলতে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করা সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান বাদে বিশ্বকাপ স্কোয়াডে থাকা সদস্যরা শনিবার করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন। রোববার রিপোর্ট এসেছে, তাতে সবাই নেগেটিভ হন।
বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী। তিনি বলেন, 'আমরা আজ রিপোর্ট হাতে পেয়েছি। সবার ফল নেগেটিভ এসেছে। আজ রাতে বাংলাদেশ দল ওমান যাচ্ছে।' সাকিব ও মুস্তাফিজ ৯ অক্টোবর আরব আমিরাতে দলের সঙ্গে যোগ দেবেন।
আজ রাত ১০টা ৪৫ মিনিটে ওমানের বিমানে চড়বেন মাহমুদউল্লাহ-মুশফিকরা। পরের দিন ওমানে পৌঁছে একদিনের রুম কোয়ারেন্টিন করবে বাংলাদেশ দল। ৫ অক্টোবর থেকে শুরু হবে অনুশীলন।
প্রথম পর্ব খেলে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে যেতে হবে বাংলাদেশকে। আনুষ্ঠানিকভাবে প্রথম পর্ব বলা হলেও এটা মূলত বাছাইপর্ব। এই পর্বে বাংলাদেশ 'বি' গ্রুপে খেলবে। প্রথম পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড, ওমান ও পাপুয়া নিউগিনি। র্যাঙ্কিংয়ের শীর্ষ আটে থাকতে না পারায় বাছাই পর্ব খেলতে হচ্ছে বাংলাদেশকে।
কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে দুই সপ্তাহ আগে ওমানে যাচ্ছেন মাহমুদউল্লাহরা। ওমানে অনুশীলনের জন্য চারটি সেশন পাবেন ক্রিকেটাররা। চারদিনের অনুশীলন শেষে ৯ অক্টোবর আরব আমিরাতে যাবে বাংলাদেশ। সেখানে একদিনের কোয়ারেন্টিন করে ১১ অক্টোবর অনুশীলন করবে মাহমুদউল্লাহর দল। ১২ অক্টোবর শ্রীলঙ্কা এবং ১৪ অক্টোবর আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে পরদিন ওমানে ফিরে যাবে বাংলাদেশ।
প্রথম পর্বে মাঠে নামার আগে ১৬ অক্টোবর এক বেলা অনুশীলন করবে বাংলাদেশ। ১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপ মিশন। এরপর ১৯ অক্টোবর স্বাগতিক ওমান ও ২১ অক্টোবর পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। মূল পর্বের টিকেট মিললে ২২ অক্টোবর আরব আমিরাতে যাবেন মাহমুদউল্লাহরা।
সেখানে একদিনের রুম কোয়ারেন্টিন করে ২৪ অক্টোবর থেকে সুপার টুয়েলভের মিশন শুরু করবে বাংলাদেশ। ২৫ অক্টোবর শারজাহতে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। ২৭ অক্টোবর বাংলাদেশ মুখোমুখি হবে প্রথম রাউন্ডে 'এ' গ্রুপের রানার্সআপ দলের। ৩ নভেম্বর দুবাইতে বাংলাদেশ খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। ৫ ও ৭ নভেম্বর ভারত ও পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ। বাংলাদেশের সব ম্যাচ দুবাই ও শারজাহতে।
