২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে এইচএসসির ফল
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে প্রকাশিত হতে পারে। এই সময়ের মধ্যে সুবিধাজনক যেকোনো একদিন ফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে শিক্ষা বোর্ডগুলো।
মঙ্গলবার (১৩ অক্টোবর) আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, ফল প্রকাশের সম্ভাব্য এই তারিখ চূড়ান্ত করার লক্ষ্যে বোর্ডগুলোর পক্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব দেওয়া হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা গত ২ জুলাই শুরু হয়েছিল। এবার নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী ছিলেন। তবে অনুষ্ঠিত পরীক্ষাগুলোতে বেশ কিছুসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
