জঙ্গল সলিমপুরে র্যাব সদস্য হত্যা মামলার আসামি বাবুল সওদাগর গ্রেপ্তার
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে র্যাব সদস্য হত্যা মামলার তদন্তে পাওয়া এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
রোববার বিকেলে নগরের কোতোয়ালি থানার লয়েল রোড এলাকায় অভিযান চালিয়ে আইয়ুব আলী ওরফে বাবুল সওদাগরকে (৫৩) গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে সংস্থাটি।
সোমবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৭ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে, সীতাকুণ্ড থানায় দায়ের হওয়া আলোচিত র্যাব সদস্য হত্যা মামলার তদন্তে পাওয়া আসামি আইয়ুব আলী কোতোয়ালি এলাকায় অবস্থান করছেন। পরে র্যাবের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
র্যাবের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার আইয়ুব আলী ওরফে বাবুল সওদাগর সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর ছিন্নমূল এলাকার ৮ নম্বর সমাজের বাসিন্দা। তিনি মৃত আব্দুল মালেকের ছেলে। চলতি বছরের ২২ জানুয়ারি দায়ের হওয়া মামলায় তাকে তদন্তে পাওয়া আসামি হিসেবে চিহ্নিত করা হয়েছে।
গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে তাকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
উল্লেখ্য, গত জানুয়ারিতে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় একটি অভিযানের সময় র্যাব সদস্য নিহত হওয়ার ঘটনায় হত্যা, হত্যাচেষ্টা, সরকারি কাজে বাধাদানসহ একাধিক ধারায় মামলা করা হয়। ওই মামলার তদন্ত চলমান রয়েছে।
