মার্কিন যুদ্ধজাহাজে ইরানের হামলার খবর ‘ভিত্তিহীন’: সেন্টকম
হরমুজ প্রণালিতে মার্কিন নৌবাহিনীর কোনো যুদ্ধজাহাজ আক্রান্ত হওয়ার খবর সরাসরি অস্বীকার করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
সোমবার (৪ মে) ইরানের পক্ষ থেকে ক্ষেপণাস্ত্র হামলার দাবির পরিপ্রেক্ষিতে এক বিবৃতিতে মার্কিন সামরিক বাহিনী এটিকে 'ভিত্তিহীন' বলে উল্লেখ করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে সেন্টকম জানায়, হরমুজ প্রণালিতে কোনো আমেরিকান রণতরীতে হামলার ঘটনা ঘটেনি। বর্তমানে মার্কিন বাহিনী 'প্রজেক্ট ফ্রিডম' সফল করতে কাজ করছে এবং একইসঙ্গে ইরানি বন্দরগুলোতে নৌ-অবরোধ কার্যকর রেখেছে।
সেন্টকমের এই বিবৃতিটি ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা 'ফারস নিউজ'-এর দাবির সম্পূর্ণ বিপরীত।
এর আগে ফারস নিউজ স্থানীয় সূত্রের বরাতে জানিয়েছিল, জাস্ক দ্বীপের কাছে ইরানি নৌবাহিনীর সতর্কবার্তা উপেক্ষা করে এগিয়ে যাওয়ার সময় একটি মার্কিন ফ্রিগেটে (এক ধরণের যুদ্ধজাহাজ) দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।
