দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী লিমনের মরদেহ
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার টাম্পা শহরে মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে পৌঁছেছে।
আজ সোমবার (৪ মে) বাংলাদেশ সময় সকাল ৮টা ৪০মিনিটে তার মরদেহ দেশে পৌঁছায়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ সরকারের পক্ষে তার মরদেহ গ্রহণ করেন এবং বিমানবন্দরে উপস্থিত নিহত লিমনের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেন।
লিমনের মরদেহ গ্রহণ এবং হস্তান্তরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সার্বিক সহযোগিতা প্রদান করে।
মরদেহ হস্তান্তরের সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের বিষয়ে যুক্তরাষ্ট্র সরকারের সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত যোগাযোগ আছে বলে জানান।
যুক্তরাষ্ট্র এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত সম্পন্ন করবে জানিয়ে হত্যাকাণ্ডের জন্য যারা দায়ী তাদেরকে উপযুক্ত শাস্তির আওতায় আনবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সরকার নিহত দুই শিক্ষার্থীর পরিবারের পাশে আছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক নিহত দুই শিক্ষার্থীর পরিবারের প্রতি সরকারের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন তিনি।
উল্লেখ্য, নিহত লিমনের মরদেহ ২ মে সন্ধ্যায় ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশে পাঠানো হয়। মায়ামিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল জেনারেল ও কনসাল সেখানে উপস্থিত থেকে প্রক্রিয়াটি তদারকি করেন।
এর আগে, ৩০ এপ্রিল বাদ জোহর টাম্পার ইস্তাবা ইসলামিক সোসাইটি অফ টাম্পা বে এরিয়া মসজিদে নিহত লিমনের জানাজা অনুষ্ঠিত হয়।
এদিকে, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় উদ্ধার হওয়া দ্বিতীয় মৃতদেহটি আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। শুক্রবার (৩ মে) হোয়াটসঅ্যাপে দেওয়া এক বার্তায় এই তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (প্রেস) গোলাম মোর্তোজা।
তিনি জানান, ফ্লোরিডা পুলিশের একটি বিভাগ বৃষ্টির পরিচয় নিশ্চিত করার পর তার ভাইয়ের সঙ্গে যোগাযোগ করেছে। বৃষ্টির পরিবারের পক্ষ থেকে মৃতদেহটি দেশে পাঠানোর ব্যবস্থা করার অনুরোধ জানানো হয়েছে। এ ব্যাপারে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস এবং মিয়ামির বাংলাদেশ কনস্যুলেট যৌথভাবে মৃতদেহটি দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া এরই মধ্যে শুরু করেছে।
